আন্তর্জাতিক বাজারে গতকাল মূল্যবান ধাতু স্বর্ণের দাম আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার পুনর্মূল্যায়নের সম্ভাবনার খবরের জের ধরে এদিন পণ্যটির দাম বেড়েছে। এদিন প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বাড়লেও রুপার দাম কমেছে।
গতকাল যুক্তরাষ্ট্রে তাত্ক্ষণিক সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৮৮ ডলার ২৫ সেন্টে বিক্রি হয়। অন্যদিকে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৯১ ডলারে বিক্রি হয়।
মেলবোর্নভিত্তিক অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকের এক নোটে বলা হয়, চলতি মাসে মূল্যবান ধাতু স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। মাসভিত্তিক হিসাবে এ সময় পণ্যটির গড় দাম আগের মাসের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কমেছে, যা গত নভেম্বরের পর পণ্যটির সর্বোচ্চ মাসভিত্তিক দরপতন। মূলত পারমাণবিক কর্মসূচি ও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনার জের ধরে পণ্যটির বাজারে ব্যাপক দরপতন দেখা দেয়। একই সঙ্গে ভূরাজনৈতিক কারণে ডলারের মূল্যহ্রাস স্বর্ণের বাজারে মন্দাভাব জোরালো করে।
আগামী ডিসেম্বরে ফেড সুদহার পুনর্মূল্যায়ন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ সম্ভাবনার জের ধরে গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। কোপেনহেগেনভিত্তিক বিশ্লেষক জেনস পেডেরসেন বলেন, যুক্তরাষ্ট্রের আগস্ট মাসের পারসোনাল কনসাম্পশন এক্সপেনডেচার ইনডেক্সের (পিসিই) দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। এ সূচকে ঋণাত্মক মান এলে ডলারের মান কমতে পারে। তখন স্বর্ণের দাম আরো ঊর্ধ্বমুখী হবে। তবে সূচকের ঋণাত্মক মানে উল্টো চিত্রও দেখা যেতে পারে।
এদিকে গতকাল আরেক মূল্যবান ধাতু প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ঊর্ধ্বমুখী ছিল। আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ বেড়েছে। এদিন প্রতি আউন্স প্লাটিনাম বিক্রি হয় ৯২১ ডলার ৮৫ সেন্টে। তবে চলতি মাসে পণ্যটির গড় দাম আগের মাসের তুলনায় ৭ দশমিক ১ শতাংশ কমেছে, যা গত মার্চের পর সর্বনিম্ন। অন্যদিকে গতকাল আউন্সপ্রতি প্যালাডিয়ামের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। এদিন প্রতি আউন্স প্যালাডিয়াম বিক্রি হয় ৯৩৪ ডলার ৭৫ সেন্টে। গত বছরের একই সময়ের তুলনায় এদিন পণ্যটির দাম ১১ শতাংশ বেড়েছে।
স্বর্ণ, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বাড়লেও এদিন রুপার দাম কমেছে। গতকাল পণ্যটি আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ কম দামে বিক্রি হয়। এদিন প্রতি আউন্স রুপা বিক্রি হয় ১৬ ডলার ৮০ সেন্টে। চলতি মাসে রুপার গড় দাম আগের মাসের তুলনায় ৪ শতাংশ কমেছে। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পণ্যটির গড় দাম আগের প্রান্তিকের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
