আমাদের উপর হামলার চেষ্টা হয়নি: তামিম ইকবাল




বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল জানিয়েছেন, ইংল্যান্ডে তার পরিবারের উপর কোন ধরনের হামলা হয়নি।
আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্ট্যাট্যাসের মাধ্যমে এ কথা জানান তিনি।
৭ জুলাই লন্ডনে পাড়ি দিয়েছিলেন তামিম ইকবাল খান। লক্ষ্য ছিল কাউন্টি ক্রিকেটের নেটওয়েস্ট টি-২০ ব্লাস্টে খেলা। এসেক্সের হয়ে এক ম্যাচ মাঠেও নামেন তিনি। কিন্তু সে ম্যাচে সুবিধা করতে পারেন নি। ৭ বলে মাত্র ৭ রান করে আউট হন এডাম মিলনের বলে বোল্ড আউট হয়ে। এসেক্সের হয়ে খেলার জন্য বিসিবির কাছ পুরো জুলাই মাসের ছাড়পত্রও পেয়েছিলেন তিনি। তামিমের সাথে তার স্ত্রী-পুত্রও অবস্থান করছিলেন লন্ডনে।
কিন্তু হঠাৎ করেই মাত্র এক ম্যাচ খেলেই ব্যক্তিগত কারন দেখিয়ে দেশে ফেরত আসার খবর প্রচারিত হলে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। গতকাল হঠাৎ করেই গুজব ওঠে তামিমের পরিবারের উপর এসিড নিক্ষেপের প্রচেষ্টা চালানো হয়েছে আর তাই দেশে ফিরে এসেছেন তামিম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড পরিচালক বলেছেন, ‘তামিম ও তার পরিবারকে ধাওয়া করেছিল কয়েকজন লোক। দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ায় তাদের কিছু হয়নি। এ ঘটনার পরই তামিম দেশে চলে আসার সিদ্ধান্ত নেয়।’
এ ব্যাপারে সঠিক তথ্য জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তামিমকে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
কাল বিকেলে কাউন্টি ক্লাব এসেক্স তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, “ব্যক্তিগত কারণে তামিম ক্লাব ছেড়ে যাচ্ছেন।” বিবৃতিতে এই ইংলিশ কাউন্টি দলটি আরও লিখেছে, “আমরা তার মঙ্গল কামনা করছি। এই সময়ে তামিমের ব্যক্তিগত জীবনের প্রতি সম্মান জানালে আমরা খুশি হব
কিন্তু আজ সকালে তামিম তাঁর টুইটার একাউন্টে জানিয়েছেন, “আমার পরিবারের ওপর হামলা হয়েছে বলে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে, সেগুলো সত্য নয়। ব্যক্তিগত কারণেই এসেক্স থেকে ফিরে আসছি আমি।”

আমাদের উপর হামলার চেষ্টা হয়নি: তামিম ইকবাল
এসময় তাকে নিয়ে ভক্ত এবং শুভানুধ্যায়ীরা যে উদ্বেগ দেখিয়েছেন সেজন্য তামিম ইকবাল তাদের ধন্যবাদ জানান। সামনের ম্যাচগুলো খেলার ব্যাপারে আবারো ইংল্যান্ডে ফিরে যাবার আশা প্রকাশ করেন বাংলাদেশের এ তারকা ব্যাটসম্যান।