রোহিঙ্গাদের অনুপ্রবেশ আবার বেড়েছে




টেকনাফের শাহপরীর দ্বীপ দিয়ে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। অনুপ্রবেশের ঘটনা সপ্তাহ-খানেক আগে কিছুটা কমে যাওয়ার পর গত ২৬শে সেপ্টেম্বর থেকে আবারো বেড়েছে।

এ ক’দিনে এখান দিয়ে প্রায় অর্ধ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাচ্ছে। গত তিন চারদিনে চল্লিশ হাজারের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই আসার প্রবণতা অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলো এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা পাঁচ লক্ষ ছাড়িয়ে গেছে।
শাহপরীর দ্বীপের খোলাপাড়া নামে একটি জায়গা থেকে স্থানীয় এক ইউপি সদস্য জানান, কিছুক্ষণ আগেই সেখানে ২৭০ জন রোহিঙ্গা শরণার্থী গিয়ে পৌঁছেছে। এরা কয়েকটি নৌকায় করে পৌঁছেছে। এসব নৌকা মিয়ানমার থেকে এসে শরণার্থীদের নামিয়ে দিয়েই আবার ফিরে যায়। বার্মা থেকে নৌকাগুলো আসে। এখানে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর আরো কিছু রোহিঙ্গা নিয়ে আসে। এখন বাংলাদেশে যেসব রোহিঙ্গা শরণার্থী আসছেন তাদের প্রায় সবাই নৌকা দিয়ে এই শাহপরীর দ্বীপেই আসছেন।
গত ২৫ আগস্ট রাতে রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলার জেরে রাখাইন রাজ্যে নতুন করে সেনা অভিযান শুরু হয়। মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে বলে অভিযোগ ওঠে।