রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি তার দপ্তর বিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়েকে বাংলাদেশে পাঠাচ্ছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
মিয়ানমারের মন্ত্রী রোববার রাতে ঢাকা আসবেন। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

অবশ্য রোহিঙ্গারা যেখানে আশ্রয় নিয়েছেন, সেই কক্সবাজারে তার সফরের কোনো সূচি। কিয়া তিন্ত সোয়ে সোমবারই ঢাকা ছাড়বেন বলে জানান তিনি। সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ঢাকা আসছেন বলে গত সপ্তাহে জানিয়েছিলেন মিয়ানমারের সমাজকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী উ উইন মিত আয়ে।
গত বৃহস্পতিবার নির্বাসিত বার্মিজদের ওয়েবসাইট ইরাবতী জানায়, মিত আয়ে রাখাইনের মংডু এলাকায় ‘যত দ্রুত সম্ভব’ রোহিঙ্গাদের নিবন্ধন ও পুনর্বাসন শুরু করার ঘোষণা দিয়েছেন।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণএবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর এই দমন অভিযানকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।
