পাবনার চাটমোহরে ৪ যাত্রী নিয়ে স্কয়ার এভিয়েশনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় এক যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জানান, রোববার বিকালে চাটমোহর পল্লী বিদুৎ সমিতির সামনে একটি ধান চাতালে এ ঘটনা ঘটে বলে।
তবে স্থানীয়দের ভাষ্যমতে, হেলিকপ্টারের তিন যাত্রীই সামান্য আহত হয়েছেন। তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, স্কয়ার এভিয়েশনের হেলিকপ্টারটি ঢাকা থেকে পাবনা যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে চাটমোহর পল্লী বিদুৎ সমিতির সামনে একটি ধান চাতালে জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। বৈরী আবহাওয়ার কারণে অবতরণের সময় হেলিকপ্টারটি উল্টে পড়ে পাখা ও পেছনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার লোক ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
