আমরা বিত্তশালী নই, আমাদের হৃদয় আছে: প্রধানমন্ত্রী




মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপুল পরিমাণ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা বিত্তশালী না হলেও আমাদের হৃদয় আছে।’
যুক্তরাষ্ট্রের রিটজ কার্লটন হোটেলে স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় বিভিন্ন রাজ্য থেকে আসা আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন।
গলব্লাডারে অস্ত্রোপচারের পর চিকিৎসক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। দলের নেতা-কর্মীরা প্রিয় নেত্রীর সঙ্গে দেখা করার জন্য উৎসুক ছিলেন। তাঁদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী।
রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা তো মানুষ; আমরা তো তাদের বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না।’
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার আগে শেখ হাসিনা কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। রাখাইন থেকে পালিয়ে আসা নারী ও শিশুরা প্রধানমন্ত্রীর কাছে তাদের নির্যাতিত হওয়ার নানা ভয়াবহ কাহিনী বর্ণনা করেন।
দীর্ঘদিন ধরে চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করে আসা বাংলাদেশে এ দফায় আরও পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থী হয়ে এসেছে। তিন দশকের বেশি সময় ধরে বসবাস করে আসা ওইসব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগ পর্যন্ত কক্সবাজার থেকে হাতিয়ার কোনো দ্বীপে রাখার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময়ে রোহিঙ্গাদের ‘ভাসান চরের’ দ্বীপে স্থানান্তরের কথা বলেন প্রধানমন্ত্রী।
বেসামরিক প্রশাসন, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, পুলিশ এবং আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তায় দিনরাত কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘বহির্বিশ্বের কোনো সহায়তার জন্য অপেক্ষা না করেই আমরা বাসস্থান, খাদ্য ও ওষুধের ব্যবস্থা করেছি। শুরুতেই আমরা পাঁচ কোটি টাকা দিয়েছি।  বাংলাদেশের উদারতা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিস্মিত করেছে। আমরা যদি ১৬ কোটি মানুষের অন্নের সংস্থান করতে পারি; তাহলে আমরা আরো পাঁচ থেকে সাত লাখ অতিরিক্ত মানুষকে খাওয়াতে পারব। প্রয়োজন হলে আমরা একবেলা খেয়ে আরেক বেলার খাওয়া এই নিপীড়িত মানুষগুলোর সাথে ভাগ করে নেব। সবকিছুর পরও আমরা তো মানুষ এবং আমরা মানবতার পক্ষে।’
এছাড়া পদ্মা সেতুতে প্রথম স্প্যান বসানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা প্রমাণ করেছি, আমরা পারি। আমি খুব খুশি।’

দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটা বড় চ্যালেঞ্জ ছিল। পদ্মা সেতু প্রকল্পে নিজেদের তহবিল থেকে অর্থায়ন করার সিদ্ধান্তটিও বড় ছিল। এটি দেশের সম্মানের সঙ্গে জড়িত বিষয়। পদ্মার মতো বড় ও খরস্রোতা নদীতে এত বড় সেতু নির্মাণের কাজ করে আমরা বিশ্বের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি।
এ সময় আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বাঙালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সদিচ্ছা এবং দৃঢ় সংকল্প থাকলে আমরা যা চাই, তাই করতে পারি। আমরা মানুষের জন্য রাজনীতি করি ও কাজ করি। আমরা প্রমাণ করেছি আমরা পারি।’
জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এর বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করা হয়েছে।’