সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে অক্টোবরে নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আবের এ সিদ্ধান্তে এরই মধ্যে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দেশটির অর্থনীতিতে।
বৃহস্পতিবার সরকারিভাবে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে প্রত্যাশার চেয়েও বেশি হারে সম্প্রসারিত হয়েছে কারখানার উত্পাদন। কয়েক বছরের মূল্যসংকোচন থেকে জাপানের বেরিয়ে আসার অন্যতম নিয়ামক গৃহস্থালি ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্যহারে। অপরদিকে, বেকারত্বের হার নেমে এসেছে দুই দশকের সর্বনিম্নে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের সাম্প্রতিকতম প্রমাণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
চলতি বছরের আগস্টে জাপানের শিল্প উত্পাদন খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা ছয় প্রান্তিক ধরে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে খাতটিতে। এর আগে গত এক দশকে এমনটা দেখা যায়নি। বর্তমানে জাপান অর্থনীতির ইতিবাচক অবস্থানে শিনজো আবের নির্বাচনের ঘোষণা যে কেবল ইতিবাচক ভূমিকা রেখেছে তাই-ই নয়, টোকিও ২০২০ অলিম্পিককে সামনে রেখে সাম্প্রতিক সময়ে বিনিয়োগ বাড়ায় তা অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করছে।
এ বিষয়ে দাইচি লাইফ রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ ইয়োসিকি শিংকে বলেন, সামগ্রিকভাবে জাপানের অর্থনীতি একটি সুস্থ পুনরুদ্ধারের পথে রয়েছে। বিশেষ করে সর্বশেষ কারখানার উত্পাদন অবস্থা অনেক বেশি ভালো ছিল। এছাড়া সুইসভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস অর্থনীতিবিদ জেমস ম্যালকম বলেন, সংক্ষেপে বলতে গেলে সবকিছুই ঠিক পথে এগুচ্ছে।
চলতি সপ্তাহে হঠাত্ করেই জাপানের দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। মূলত প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগানোর লক্ষ্যে এবং জনমত জরিপে নিজের অবস্থানকে আরো সুসংহত করতে তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা সংশ্লিষ্টদের। কেননা এরই মধ্যে ভোটাররা উত্তর কোরিয়ার ব্যাপারে আবের কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন। সম্প্রতি দেশটি জাপানের উদ্দেশে দুটি মিসাইল ছোড়ে এবং এক মাসের মধ্যে দ্বীপদেশটিকে ‘ডুবিয়ে’ দেয়ার হুমকি দেয়।
জাপান অর্থনীতির উত্তরণের উদ্দেশ্যে সরকারি ব্যয় বৃদ্ধি, শিথিল মুদ্রা নীতি এবং কাঠামোগত সংস্কার— এ তিন নীতির সমন্বয়ে গঠিত ‘আবেনমিকস’ নিয়ে ক্ষমতায় এসেছিলেন আবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আবেনমিকস অর্থনীতিতে তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি। এর কারণে একদিকে করপোরেট মুনাফা কমে গেছে, অন্যদিকে মূল্যসংকোচনের লক্ষ্যমাত্রা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
