এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন জিনবিজ্ঞানী জেফরি সি হল, মাইকেল রোজব্যাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং। দেহাভ্যন্তরে বিদ্যমান প্রাকৃতিক ঘড়ি নিয়ে গবেষণার জন্য তাঁদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
আজ সোমবার সুইডেনের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নোবেল কমিটির এ বিষয়ক ঘোষণায় বলা হয়েছে, জীবজগতের প্রতিটি সদস্যের মধ্যে নিজস্ব একটি ঘড়ি রয়েছে, যা পৃথিবীর আহ্নিক গতির সঙ্গে তাল মেলাতে তাকে সহায়তা করে। এ ধারণা অনেক পুরোনো হলেও এত দিন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো প্রমাণ হাজির করতে পারেননি বিজ্ঞানীরা। জেফরি সি হল, মাইকেল রোজব্যাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং এ বহুপ্রতীক্ষিত প্রমাণটিই সবার সামনে হাজির করেছেন। একই সঙ্গে শারীরবৃত্তীয় বিভিন্ন ক্ষেত্রে এ দেহঘড়ির প্রভাবের বিষয়টিও তাঁরা উন্মোচিত করেছেন। নোবেল কমিটি এ আবিষ্কারকে চিকিৎসাক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছে।
এ বিষয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর জীবজগতের ওপর আহ্নিক গতির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। আর এ আহ্নিক গতির সঙ্গে মানুষসহ বিভিন্ন প্রাণীর অভিযোজনের ক্ষেত্রে সরাসরি ভূমিকা রাখে এর অভ্যন্তরস্থ একটি জৈবিক ছন্দ বা দেহঘড়ি। দেহাভ্যন্তরস্থ এ ঘড়ি ‘সারেকডিয়ান রিদম’ নামেও পরিচিত। এ ঘড়িই মূলত শরীরের তাপমাত্রা, নিঃসৃত হরমোনের মাত্রা, বিপাক ক্রিয়া, ঘুম ইত্যাদি নিয়ন্ত্রণ করে। মূলত বহির্জগতের সঙ্গে শরীরের সামঞ্জস্য বিধানের জটিল কাজটি করে এ ঘড়ি। এর ছোটখাটো ব্যত্যয়ে শরীরে দেখা দিতে পারে বড় ধরনের পরিবর্তন, যার একটি ছোট উদাহরণ হিসেবে জেটলেগের কথা উল্লেখ করা যায়।
দেহাভ্যন্তরস্থ এ জৈবিক ছন্দটি আবিষ্কারের পথে মার্কিন বিজ্ঞানী ত্রয়ী মৌমাছির ওপর গবেষণা চালান। তাঁরা ওই মৌমাছির শরীরে একটি বিশেষ জিন খুঁজে পান, যা এ বিশেষ জৈবিক ছন্দটি নিয়ন্ত্রণ করে। তাঁরা দেখেন যে এ বিশেষ জিন থেকে পাঠানো সংকেতে রাতের বেলা দেহকোষে একটি প্রোটিন জমা হয়। এ বিশেষ প্রোটিন পরবর্তী সময়ে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং একটি নির্দিষ্ট সময়ে এসে তা পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। এভাবে প্রতি রাতেই ওই জিনের পাঠানো সংকেতে দেহকোষে প্রোটিন জমা হয়, যা বহির্জগতের সময় ধারণার মতো দেহের ভেতরেও একটি নিজস্ব সময়ের বৃত্ত তৈরি করে।
পুরস্কার হিসেবে তিন বিজ্ঞানী পাবেন ৯০ লাখ সুইডিশ ক্রোনা বা ১১ লাখ মার্কিন ডলার।
