পদ্মাবতীতে এ কোন রণবীর




চোখের নিচে কাটা দাগ, মাথায় মুকুট, সেইসাথে চোখে শীতল এক শয়তানি দৃষ্টি। সিনেমার ভয়ানক কোন খলনায়কের চেহারা তো এমনই হওয়া উচিত। তবে সেইরূপে যদি ধরা দেন কোন চকলেট বয় খ্যাত নায়ক। হ্যাঁ, সঞ্জয় লীলা বানশালীর পদ্মাবতীতে যেন সেটাই হতে চলছে। এমন ভয়ানক রূপেই ওই সিনেমায় আত্মপ্রকাশ করছেন রণবীর সিং।
পদ্মাবতীতে সুলতান আলাউদ্দীন খিলজীর চরিত্রে অভিনয় করছেন রনবীর সিং। আর মঙ্গলবার মধ্যরাতে বেশ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের আলাউদ্দীন খিলজীর ফার্স্টলুক পোষ্টার প্রকাশ করেছেন এই অভিনেতা। আর তাতেই ধরা রনবীরের এমন চেহারা। আর প্রকাশের পরই ভাইরাল হয়ে গেছে ছবিটি।
ranveer1

সিনেমায় নিজের চরিত্র নিয়ে একটু বেশিই ভাংচুর করেন রনবীর সিং। একেক সিনেমায় একেক রকম চরিত্রে আবির্ভাব ঘটে তার। কখনো প্রেমিক, কখনো মারাঠি যোদ্ধা আবার কখনো আধুনিক যুবক; প্রায় সব চরিত্রেই মানিয়ে যান তিনি। তবে পদ্মাবতীর মধ্য দিয়ে যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই অভিনেতা। অন্তত ভক্তদের এটাই দাবী।
তবে বি-টাউনে গুজব উঠেছে, সিনেমাটি করতে গিয়ে রণবীর আলাউদ্দিন খিলজী চরিত্রে এতটাই মগ্ন হয়ে গেছেন যে বাস্তবেও সেই চরিত্র থেকে বের হতে পারছেন না। এমনকি সিনেমার শুটিং চলাকালে প্রায় সময়ই তিনি খিলজির পোশাক পরে ঘুরে বেড়াতেন। এমনকি সেটে কারও সাথে তেমন কথাও বলতেন না। আর রণবীরের সেই অবস্থার পরিবর্তন এখনো হয়নি। তাই ইদানীং নাকি সাইকিয়াট্রিসের শরণাপন্ন হচ্ছেন রনবীর।
অবশ্য এরকম ঘটনা রণবীরের জন্য এবারই প্রথম নয়। এর আগে বাজিরাও মাস্তানি সিনেমায়ও এমন কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। সেবার বাজিরাও এর মৃত্যুর দৃশ্য ফুটিয়ে তুলতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন এই অভিনেতা।
উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর পদ্মাবতী সিনেমাটি মুক্তি পাচ্ছে। পদ্মাবতী সিনেমায় পদ্মাবতীর নাম ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকোন, এবং চিত্রের রাজা রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন শাহিদ কাপুর।