সাকিব আহমেদ
‘এল ক্লাসিকো’ – নামটির সাথে জড়িয়ে থাকা অনেক আবেগ, ভালবাসা। অনেক হিংসা প্রতিহিংসাও কাজ করে। মূলত, ফুটবল দুনিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বছরের দুই এল ক্লাসিকো।
বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ – বর্তমান সময়ের সেরা দুইটি ক্লাব। একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। এই দুই ক্লাবকে নিয়েই রচিত হয় এল ক্লাসিকো মহারণ। যার উত্তাপ ছড়ায় মাঠ থেকে মাঠে, শহর থেকে গ্রামে। প্রতিটি ফুটবলপ্রেমী অপেক্ষা করে এমন এক লড়াই উপভোগ করার জন্য। মূলত, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দৈরথকেই বলা হয় ‘এল ক্লাসিকো’। এই লড়াইয়ের পিছনে আছে অনেক বঞ্চনা, নিপীড়ন, লড়াইয়ের ইতিহাস। আজ আপনাদের সেই গল্পই তুলে ধরবো।
‘ডার্বি’ শব্দটির সাথে আমরা সকলেই পরিচিত। একই শহর কিংবা একই রাজ্যের দুই দলের লড়াইকে-ই ‘ডার্বি’ বলা হয়। এই যেমন মিলান ডার্বি (ইন্টার মিলান-এসি মিলান), ম্যানচেস্টার ডার্বি (ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি), কাতালান ডার্বি (বার্সেলোনা-ইস্প্যানিয়ল) আরো অনেক। তবে কিছু কিছু লড়াই দূরত্ব বজায় রেখেও মাত্রাতিরিক্ত উত্তাপ বহন করে।
স্বাধীনতার দাবিতে যুগ যুগ ধরে লড়াই চালিয়ে যাচ্ছে স্পেনের অঙ্গরাজ্য কাতালোনিয়া। ফ্রান্স ও ভূমধ্যসাগরীয় সীমান্তবর্তী কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা। অন্যদিকে, স্প্যানিশ রাষ্ট্রের প্রধান শহর মাদ্রিদ হচ্ছে পুরো স্পেনের রাজধানী। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে অনেক দূরত্ব থাকার পরও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার দ্বৈরথ কেন এমন ধ্রুপদি লড়াই হয়ে উঠল, তা জানার জন্য আমাদের নজর দিতে হবে দেশটির রাজনৈতিক-সাংস্কৃতিক ইতিহাসের দিকে।
খেলার সাথে রাজনৈতিক মতবাদ নতুন কিছু নয়। ক্রিকেটে ভারত-পাকিস্তান তার সব থেকে বড় উদাহরণ। আর স্পেনে মনে হয় খেলার সাথে রাজনীতির মিশেল সব থেকে বেশি ঘটেছে। সেই আদিকাল থেকে নিজেদের আধিপত্য বিস্তারে যেমন সচেষ্ট রিয়াল মাদ্রিদ, ঠিক তেমনি পায়ে ফুটবল নিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছিল বার্সেলোনা।
ঘটনার সূত্রপাত ঘটে ফ্রান্সিসকো ফ্রাঙ্কো যখন ক্ষমতা দখল করে তখন থেকে। ১৯৩৬ থেকে ১৯৩৯ – তিন বছর রক্তক্ষয়ি যুদ্ধের পর স্পেনের জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কো ক্ষমতা দখল করে। তারপর থেকেই কাতালানদের উপর নেমে আসে অমানবিক অত্যাচার। কেননা, ১৯৩৯ সালে ফ্রাঙ্কোর সেনাবাহিনীর বিপক্ষে প্রথম বিরোধীতা এসেছিল বার্সেলোনা থেকে। আর তাই বার্সেলোনা তথা কাতালোনিয়া চক্ষুশূল হয়ে ওঠে ফ্রাঙ্কোর কাছে। কাতালোনিয়া চেয়েছিল স্বাধীন হয়ে উঠতে, নিজেদেরকে আলাদাভাবে প্রতিষ্ঠা করতে। কিন্তু ফ্রাঙ্কো সেটি হতে দিতে চায়নি। তাই তিনি ঠিক করলেন, কোনো আঞ্চলিক আন্দোলন বেড়ে উঠতে দেওয়া যাবে না। স্পেনে রাজত্ব থাকবে শুধু ক্যালিস্টদের। আর সে কারণেই নতুন আইনে নিষিদ্ধ করা হয় কাতালান ভাষা। শুধু কাতালানই নিজ স্পেনে সব ধরনের ভাষা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন তিনি। তিনি ঘোষণা করলেন, সবাইকে কথা বলতে হবে ক্যালিস্টদের ভাষাতেই। পুড়িয়ে ফেলা হয় কাতালান ভাষায় লেখা শত শত বই।
ফ্রাঙ্কোর এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্বাধীনতাকামী কাতালানবাসী। তারা ঠিক করল এমন অন্যায়ের জবাব দিবে। সেই জবাবের মঞ্চ হিসেবে তারা বেছে নিলো ফুটবলকে। বার্সেলোনার ক্যাম্প ন্যু হলো প্রতিবাদ জানানো প্রধান স্থান। যেখানে নিজেরা সব দ্বিধা-ভয় ভুলে কাতালান ভাষায় স্বাধীনতার পক্ষে স্লোগান দিতে পারতো। এভাবেই বার্সেলোনার ফুটবল ময়দান হয়ে উঠলো সাধারণ মানুষের বাকশক্তি হিসেবে। আজও সেই ইতিহাস বহন করে তারা। সেই সময় থেকে আজো তাদের স্লোগান ‘ক্লাবের চেয়েও বেশী কিছুই’ উদ্বুদ্ধ করে তাদের। তাদের এই স্লোগানই সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, লড়াই করার মূল মন্ত্র।
অন্যদিকে, ফ্রাঙ্কো রিয়াল মাদ্রিদকে তৈরি করে শাসকদের আভিজাত্যের প্রতীক হিসেবে। ফ্রাঙ্কোর দৃষ্টিভাজন হয়ে সরকারী উঁচুপদস্থ কর্মকর্তা হওয়ার লোভে সান্তিয়াগো বার্নাব্যূ তখন যেন আভিজাত্যের মিলনমেলা। সেনা কর্মকর্তা, ব্যবসায়ী, বিভিন্ন অভিজাত শ্রেণীর লোক হাজির হত সেখানে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রিয়াল মাদ্রিদের সাফল্যকে ব্যবহার করত ফ্রাঙ্কো। আর তাই ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতাকে নগ্নভাবে উপস্থাপন করতেও পিছপা হতেন না তিনি। বার্সার খেলোয়াড়দের ভয় দেখানো কিংবা টাকা দিয়ে রেফারির সিদ্ধান্ত কিনা নেওয়া অহরহ দেখা যেত তৎকালীন সান্তিয়াগো বার্নাব্যূতে।
১৯৪৩ সালের কোপা ডেল রে – ক্যাম্প ন্যু’তে বার্সেলোনা তখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে জয় লাভ করে। এই জয় যেন শাসকদের বিপক্ষে নিপীড়িত মানুষদের জয়। বার্সা সমর্থকদের মাঠের বাঁধভাঙা উল্লাস মেনে নিতে পারেনি রিয়াল সমর্থকেরা। তার প্রমাণ মেলে ফিরতি লেগে। সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সা হারে ১১-০ গোলের বিশাল ব্যবধানে।
২০ হাজার উন্মত্ত সমর্থক সেদিন ‘কাতালান ব্লাড’ ঝরানোর আবেদন নিয়ে কোরাস গাইছিল! মাদ্রিদ সমর্থকেরা এতটাই হিংস্র হয়ে উঠে যে তারা বার্সা প্লেয়ারদের মাথা কেটে ফেলার কথাও বলছিল বারবার। এমন কোরাসে ভয় পেয়ে যান প্রত্যেক বার্সা ফুটবলার, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে ম্যাচে স্বাভাবিক খেলা খেলতে পারেননি তাঁরা। তৎকালীন বার্সা প্রেসিডেন্ট জোসেপ এন্টনি এই ঘটনায় হকচকিয়ে গিয়ে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান। দর্শকদের এমন আচরণ ও খেলার অন্যায় ফলাফল নিয়ে লিখেছিলেন বলে সাংবাদিক হুয়ান এন্টোনিও সামারাঞ্চকে ১০ বছর কলম ধরতে দেয়া হয়নি।
ফ্রাঙ্কোর স্বৈরাচারিতে সেদিন সমর্থন দিয়েছিল মাদ্রিদের হাজার হাজার দর্শক। সেদিন থেকেই বদলে যেতে থাকে বার্সা-রিয়াল লড়াই। শুরু হয় আমাদের প্রানের প্রিয় ‘এল ক্লাসিকো’। খেলোয়াড়রা ঝাঁপিয়ে পড়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমান দিতে। সেই ম্যাচের ঘটনায় যে উত্তাপ ছড়িয়েছিল তা আজো বার্সা-রিয়াল লড়াইয়ে দেখা যায়।
সেদিন থেকে আজো, স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে কাতালান জনগন। দুই দিন আগে গণভোট অনুষ্ঠিত হলো। স্বাধীনতার পক্ষেই ভোট পড়েছে বেশি। সেই আয়োজনে যেন ফ্রাঙ্কোর স্পেনের ছায়া বিদ্যমান। কাতালানদের ভোট বাতিল করা, তাদের উপর হামলা চালানো – সব কিছুই সেই পুরোনো ইতিহাসকে মেলে ধরে। ৮০০’র বেশি জনসাধারণ মানুষ আহত হয়েছে সেদিনের গণভোটে।
রিয়াল-বার্সা দৈরথ আর দেখা যাবে কিনা জানি না, কাতালোনিয়া স্বাধীনতা পাবে কিনা জানি না, বার্সেলোনা লা লিগাতে থাকবে কিনা জানি না – সবকিছু সময়ের উপর ছেড়ে দেওয়া যাক। বছরে নির্ধারিত দুইটি এল ক্লাসিকোর জন্য বসে থাকা ফুটবলপ্রেমীদের জন্য কষ্টের কারণই হবে বার্সা লিগা ছাড়লে। এত বছরের ইতিহাস, ঐতিহ্য যে রঙ হারাবে। ফুটবল তার রঙ হারাবে। যুগে যুগে অনেক লড়াই সামনে আসবে, ফুটবলে মেতে থাকবে বিশ্ব। কিন্তু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা’র মত ইতিহাসকে সাথে নিয়ে লড়াই আর কখনো আসবে না।
