কর আরোপ করতে যাচ্ছে উপসাগরীয় দেশগুলো




করমুক্ত অঞ্চল হিসেবে উপসাগরীয় দেশগুলোর সুনাম দীর্ঘদিনের। এ সুবিধায় আকৃষ্ট হয়ে পর্যটক থেকে শুরু করে লাখ লাখ বিদেশী শ্রমিক কাজ করতে আসত এখানে। কিন্তু এবার তেল সম্পদে সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সেই সুনাম আর টিকছে না। তেল সম্পদ থেকে আয় উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় বিপুল আকারের বাজেট ঘাটতির সম্মুখীন হয়েছে দেশগুলো। পরিস্থিতি সামলে নিতে তাই আগামী বছর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালুর পরিকল্পনা হাতে নিয়েছে এসব দেশ। খবর এএফপি।
ভ্যাট চালুর এ সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও এ পরিবর্তনে খড়্গ নামবে এখানকার মধ্য ও নিম্নআয়ের নাগরিক ও শ্রমিকদের ওপর। আসছে পহেলা জানুয়ারি থেকে পণ্য ও সেবার ওপর ভ্যাট চালু করার আগেই গত রোববার সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তামাকের দাম দ্বিগুণ এবং কোমল পানীয়ের দাম ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) ছয়টি দেশের মধ্যে একটি, সংযুক্ত আরব আমিরাত তাদের অর্থনীতি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ৫ শতাংশ ভ্যাট আদায় করার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে জিসিসিভুক্ত আরেক দেশ সৌদি আরবও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার একই বছরের যেকোনো সময়ে ভ্যাট কার্যকর করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহত্ তেল রফতানিকারক ও তরল প্রাকৃতিক গ্যাসের মজুদ আছে উপসাগরীয় এ অঞ্চলটিতে। কিন্তু ২০১৪ সালে বিশ্বব্যপী তেলের দাম কমে যাওয়ার পর থেকে এর সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশ অনুযায়ী মজুরি অপরিবর্তিত রাখার পাশাপাশি রাষ্ট্রীয় প্রকল্পে ব্যয় কমিয়ে আনা, ভর্তুকি কর্তন এবং বিদ্যুত্ ও জ্বালানির দাম বৃদ্ধি করার মতো নানা উদ্যোগ নেয় দেশগুলোর সরকার। কিন্তু তা সত্ত্বেও নাজুক অবস্থায় রয়েছে তারা। ঘাটতি কমাতে তাই ভ্যাটসহ আরো বেশকিছু পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে জিসিসিভুক্ত দেশগুলোর সরকার।
এদিকে ভ্যাট আরোপের বিষয়ে দুবাইয়ের সম্পত্তি খাতে কর্মরত খালেদ মোহাম্মদ জানান, ভ্যাট আরোপ করা হলে সবকিছুর দাম বাড়বে, জনগণ তাই এ সিদ্ধান্তে খুশি হতে পারছেন না। যেহেতু এর কারণে মানুষের খরচ বেড়ে যাবে, তাই এটা গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। দুবাইয়ে ভারতীয় এক রেস্তোরাঁ কর্মী রেজওয়ান শেখ বলেন, ‘স্বল্পআয়ের মানুষদের জন্য জীবনধারণ সত্যিই কঠিন হয়ে পড়বে। আমরা এমনিতেই সংকটের মধ্যে আছি। ভ্যাট দেয়ার পর আমরা কি পরিমাণ অর্থইবা সাশ্রয় করতে পারব?’