মিয়ানমারের রাখাইনের বুথিডং শহর থেকে অন্তত ১০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশের পথে রওয়ানা হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদপত্র দি নিউ লাইট অব মিয়ানমার। মিয়ানমার নিরাপত্তা বাহিনী বাংলাদেশে সীমান্তের কাছে বিভিন্ন পয়েন্টে এসব রোহিঙ্গাদের দলবদ্ধ অবস্থায় পেয়েছে।
নিরাপত্তা বাহিনীর সূত্র উদ্ধৃত করে পত্রিকাটি বলছে – ‘এসব রোহিঙ্গা সেনা কর্মকর্তাদের কাছে বলেছে, তারা তাদের গ্রামে থাকতে ভয় পাচ্ছে, কারণ তাদের অধিকাংশ স্বজন বাংলাদেশে চলে গেছে। তারা আরও বলেছে থাকা-খাওয়ার সংস্থান করতে তাদের কষ্ট হচেছ কারণ তারা কাজ করতে পারছে না।’
মিয়ানমার সরকারের তথ্য বিভাগের (মিয়ানমার ইনফরমেশন কমিটি) ফেসুবক পাতায় বেশ কটি ছবি পোষ্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি খোলা জায়গায় বহু রোহিঙ্গা অপেক্ষা করছে এবং নিরাপত্তা বাহিনীর কজন সদস্য তাদের সাথে কথা বলছে।
তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নিক পেরি আজ (মঙ্গলবার) এক টুইট বার্তায় বলেছেন, বাংলাদেশে সীমান্তের কাছাকাছি আজও আগুন দেখা গেছে। পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন এখনও তাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে।
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তারা বলছেন, সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণএবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর এই দমন অভিযানকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের চাপে বিপুল পরিমাণ বনভূমি উজাড়
মিয়ানমারকে মুসলিম শূন্য করতে তৎপর সেনাবাহিনী
‘ফ্রিডম অব অক্সফোর্ড’ খেতাব হারালেন সু চি
