আবারও নিম্নমুখী তেলের বাজার




আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি পণ্যটির রফতানিকারকদের মধ্যে আশা জাগিয়েছিলো। তবে এটা বেশি দিন স্থায়ী হয়নি। টানা দ্বিতীয় দিনের মতো গতকাল পণ্যটির বাজারে দরপতন অব্যাহত রয়েছে।
মূলত আন্তর্জাতিক বাজারে পণ্যটির বাড়তি সরবরাহ সম্ভাবনার খবরের জের ধরে দরপতন অব্যাহত রয়েছে। বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) পণ্যটির দাম আরো কমতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
গতকাল যুক্তরাষ্ট্রে দিনশেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫০ ডলার ৫৬ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ সেন্ট কম। দিনের শুরুতে পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫০ ডলার ৪৪ সেন্টে নেমে যায়, যা আগের দিনের তুলনায় ১৪ সেন্ট কম। অন্যদিকে গতকাল দিনশেষে ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম অপরিবর্তিত ছিল। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫৬ ডলার ১৩ সেন্টে। দিনের শুরুতে পণ্যটির দাম আগের দিনের তুলনায় ব্যারেলপ্রতি দশমিক ৩ শতাংশ কমে যায়। এ সময় প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৫৫ ডলার ৯৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১৯ সেন্ট কম। এদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গতকাল ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় দশমিক ৩৯ শতাংশ কমেছে। এদিন অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৫ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২২ সেন্ট কম। দুবাইয়ে পণ্যটির দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৭৬ শতাংশ। গতকাল এখানে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৪ ডলার ২১ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২২ সেন্ট কম।
তবে আন্তর্জাতিক বাজারে দুদিন ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা বজায় থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পণ্যটির গড় দাম আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে, যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) পর সর্বোচ্চ। গত মঙ্গলবার পণ্যটির দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে যায়। মূলত গত আগস্টে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ফ্লোরিডা উপকূলে শক্তিশালী হারিকেন হার্ভি ও ইরমার আঘাতে পণ্যটির উত্তোলন ও পরিশোধন কার্যক্রম ব্যাপক মাত্রায় কমে গেলে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করে। এরপর পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলোয় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমার খবরের প্রভাব পড়ে বাজারে। সব মিলে গত মাসের মাঝামাঝি সময়ের পর থেকে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছে যায় জ্বালানিপণ্যটির দাম। এখন মার্কিন উত্তোলন খাতে তুলনামূলক চাঙ্গাভাব ফিরে এসেছে। একই সঙ্গে ইরাক, লিবিয়াসহ ওপেকভুক্ত কয়েকটি দেশে পণ্যটির বাড়তি উত্তোলনের খবর মিলেছে। এসবের জের ধরে আন্তর্জাতিক বাজারে নতুন করে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে।
আরও পড়ুন;
জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন বেড়েছে
অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে
দাম কমেছে জ্বালানি তেলের