গত বুধবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের উৎপাদন বেড়ে দৈনিক ৯৫ লাখ ৬০ হাজার ব্যারেলে উন্নীত হয়েছে, যা ২০১৫ সালের জুলাই থেকে সর্বোচ্চ। এ সময় দেশটি থেকে রফতানি বেড়ে দৈনিক ২০ লাখ ব্যারেলে পৌঁছেছে।
লন্ডনে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। এদিন পণ্যটির দাম ৩৮ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৫৬ দশমিক ১৮ ডলারে লেনদেন হয়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটির দাম ৯ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৫০ দশমিক শূন্য ৭ ডলারে লেনদেন হয়।
যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের উৎপাদন বৃদ্ধি বাজার নিয়ন্ত্রণে ওপেকসহ অন্য প্রধান উৎপাদকদের সম্মিলিত প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সরবরাহ চাপে দামের পতন ঠেকাতে এ দেশগুলো উৎপাদন হ্রাসের মাধ্যমে বাজার চাঙা রাখার চেষ্টা করে আসছে।
দুবাইভিত্তিক এমিরেটস এনবিডি ব্যাংকের বিশেষজ্ঞ এডওয়ার্ড বেল বলেন, যুক্তরাষ্ট্রে উৎপাদন বেড়ে ২০১৫ সালের পর সর্বোচ্চে পৌঁছে গেছে। এর মাধ্যমে দেশটি ওপেকসহ অন্য উৎপাদকদের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।
এদিকে উৎপাদন হ্রাসের চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের বাদশাহ সালমানের মধ্যে আলোচনা হতে পারে। সৌদি বাদশাহ বর্তমানে রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় অবস্থান করছেন। গতকাল মস্কোয় পুতিনের সঙ্গে তার সাক্ষাতের কথা ছিল।
রাশিয়ায় সৌদি বাদশাহর এ সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়াতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। রুশ বিদ্যুত্মন্ত্রী আলেক্সান্ডার নোভেক জানান, সৌদি আরব ইউরোশিয়া ড্রিলিং কোম্পানিতে ১৫ কোটি ডলার বিনিয়োগ করবে। দেশটির ব্যবসায়ীরা আর্কটিকে এলএনজি প্রজেক্টে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন।
বুধবার এক এনার্জি ফোরামে বক্তব্য রাখার সময় পুতিন বলেন, তার দেশ জ্বালানি তেলের উৎপাদন হ্রাস চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী। তবে আগামী মার্চে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তার মতে, এ চুক্তি বাজারে স্থিতিশীলতা এনেছে।
আল আরাবিয়াকে এক সাক্ষাত্কারে নোভেক জানান, ব্যারেলপ্রতি ৫০ থেকে ৬০ ডলার দাম জ্বালানি তেলের জন্য যথাযথ।
এনার্জি এস্পেক্টসের মিশ্বিন মহেশ বলেন, ব্যবসায়ীরা ওপেকের উৎপাদন হ্রাস ও যুক্তরাষ্ট্রের রফতানির সম্ভাবনার তুলনা করে দেখছেন। লজিস্টিক সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বলা যায়, যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উৎপাদনের বর্তমান হার স্থায়ী হবে না।
ইআইএ জানিয়েছে, গত সপ্তাহে জ্বালানি তেলের মজুদ ৬০ লাখ ব্যারেল কমেছে। এ খবর দাম বৃদ্ধিতে সহায়তা করতে পারে। সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক মজুদ কমার অর্থ হলো বাজার স্থিতিশীল হতে চলেছে।
গতকাল গ্যাসোলিনের দাম ১ দশমিক ৩ শতাংশ কমেছে। এদিন পণ্যটি গ্যালনপ্রতি ১ দশমিক ৬০০৪০ ডলারে লেনদেন হয়। গ্যাস অয়েলের দাম বেড়েছে ৭ দশমিক ৫০ ডলার। এদিন পণ্যটি টনপ্রতি ৫৩৫ দশমিক ৭৫ ডলারে হাতবদল হয়।
