এমাসেই মুক্তি পাচ্ছে আমির খানের ড্রিম প্রজেক্ট ‘সিক্রেট সুপারস্টার’ । বর্তমানে সিনেমাটির প্রচারণার কাজে তুরস্কে অবস্থান করছেন তিনি। এরই মধ্যে এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে সাক্ষাত করলেন আমির খান।
গত শুক্রবার তুর্কি প্রেসিডেন্টের সাথে দেখা করেন আমির। আঙ্কারার প্রেসিডেন্সিয়াল ভবনে এরদোয়ান নিজে তাকে স্বাগত জানান। এসময় সিনেমাটি নিয়ে কথা বলেন আমির। নিজের চরিত্র সম্পর্কেও ধারণা দেন তিনি। এছাড়া তার দঙ্গল সিনেমার একটি গান গেয়ে শোনান এরদোয়ানকে।
তুরস্ক সফরকালে আমির আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন। আতাতুর্ক সম্পর্কে আমির বলেন, ‘আতাতুর্কের জীবন থেকে আমরা অনেককিছু শিখতে পেরেছি। আমি কখনো তাকে ভুলব না।’
দঙ্গলের বাবা-মেয়ের সেই জনপ্রিয় জুটিকে আবার দেখা যাবে সিক্রেট সুপারস্টারেও। জাইরা ওয়াসিম প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন এ সিনেমায়। শুধু বাবা-মেয়ের সেই হিট জুটি নয়, ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ ছবির বিষয়বস্তুও নাকি একই। এখানেও নারীশক্তির কথা বলা হয়েছে।
‘দঙ্গল’-এ বাবা-মেয়ের আবেগভরা সম্পর্ক খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সমাজের সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে দুই কন্যার বাবার স্বপ্নপূরণের এক কাহিনি। ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটিতেও একটি মেয়ে, তার স্বপ্ন এবং সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে। একটি মেয়ে গায়িকা হওয়ার স্বপ্ন বুকে ধরে সমাজের সব বাধা কীভাবে অতিক্রম করে এগিয়ে যায়, তার দেখা মিলবে। আমিরকে এই ছবিতে সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে। এ ধরনের চরিত্র আমির আগে করেননি।
