খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা




কুমিল্লার চৌদ্দগ্রামে আট খুন মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার হরতাল-অবরোধ চলাকালে চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশ কোচে পেট্রলবোমা হামলা হয়। এতে ওই বাসের আট যাত্রী নিহত হন।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন, যাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
তদন্ত শেষে চলতি বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে আসামি করা হয়।
এ মামলায় ৭৮ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম সোমবার এই আদেশ দেন বলে পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান।