একটি ছোট ঘটনা দিয়ে শুরু করি…
২০০২ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব। ১৮ ম্যাচে ১৩টি জয় নিয়ে সবার উপরে থেকে আর্জেন্টিনা নিশ্চিত করেছে বিশ্বকাপ। আর ব্রাজিল? শেষ ম্যাচের আগে কেউ চিন্তা পর্যন্ত করতে পারেনি ব্রাজিল সেবার বিশ্বকাপ খেলবে। শেষ ম্যাচে ব্রাজিল যদি চিলিকে না হারাতে পারত এবং আর্জেন্টিনা উরুগুয়েকে রুখে দিতে না পারত, তবে হয়তবা প্রথমবারের মত বিশ্বকাপ খেলা হতো না ব্রাজিলের। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ব্রাজিল খেলেছে বিশ্বকাপ, হয়েছেও চ্যাম্পিয়ন।
সে সব এখন অতীত। এবারের দৃশ্যপটও ভিন্ন। ব্রাজিল ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে। আর্জেন্টিনার মাথার উপর বিশ্বকাপ না খেলার শঙ্কা। বাকি আছে একটি ম্যাচ। আর্জেন্টিনা ইকুয়েডরকে হারাতে পারলে ও চিলিকে ব্রাজিল রুখে দিলে খুব সহজেই টিকিট মিলবে বিশ্বকাপের।
তারপরও অনেক হিসাব-নিকাশের শেষ রাউন্ডে আর্জেন্টিনাকে ভাগ্যের সহায়তাও পেতে হবে। এখন দেখে নেওয়া যাক বিশ্বকাপ সমীকরণে আর্জেন্টিনার জন্য কি কি হিসাব অপেক্ষা করছে…
আর্জেন্টিনা জিতলে
২৫ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা অবস্থান করছে ছয় নম্বর অবস্থানে। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পেরু ৫ এ, ২৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া ৪ ও একই পয়েন্ট নিয়ে চিলি আছে ৩ নম্বরে। আর্জেন্টিনার থেকে ১ পয়েন্ট কম নিয়ে প্যারাগুয়ে ৭ এ। আর্জেন্টিনা যদি ইকুয়েডরকে হারায়, তবে তাদের পয়েন্ট হবে ২৮। পেরু-কলম্বিয়ার ম্যাচে যেই জিতুক, আর্জেন্টিনা টপকে যাবে পরাজিত দলকে। কেননা পেরু জিতলে পেরুর পয়েন্ট হবে ২৮ অথবা কলম্বিয়া জিতলে কলম্বিয়ার পয়েন্ট হবে ২৯। সেক্ষেত্রে যে হারবে তাকে টপকে আর্জেন্টিনা প্লে অফের জন্য পাঁচ নম্বর অবস্থান পাকা করবে। সাথে ব্রাজিল চিলিকে রুখে দিলে পাঁচ থেকে চারে উঠবে আকাশী সাদারা।
অন্যদিকে পেরু-কলম্বিয়া ম্যাচ ড্র হলে পেরুর হবে ২৬ ও কলম্বিয়ার ২৭ পয়েন্ট। চার নম্বর অবস্থানে উঠে আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করবে। তখন ব্রাজিল-চিলি ম্যাচ ততটা প্রয়োজন নেই। অবশ্য যদি ব্রাজিল জেতে বা ড্র করে, তবে তিন নম্বরে থেকে বাছাইপর্ব শেষ করবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ড্র করলে
যদি আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ ড্র হয়, তবে পেরু কলম্বিয়ার ম্যাচে অবশ্যই পেরুকে হারতে হবে। অন্যদিকে প্যারাগুয়েকে জিতলে চলবে না, হারতে হবে ভেনিজুয়েলার সাথে। তাহলে পাঁচ নম্বরে থেকে প্লে অফ খেলতে পারবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা হারলে
আর্জেন্টিনা যদি ইকুয়েডরের সাথে হেরেও যায়, তাহলেও বিশ্বকাপ খেলার ক্ষীণ আশা থাকছে তাদের। যে ব্যবধানে আকাশী-সাদারা হারবে তার থেকে এক গোল বেশি ব্যবধানে পেরু হারলে আর্জেন্টিনা পাঁচে উঠে আসবে। সেই সাথে অবশ্যই প্যারাগুয়েকে হারতে হবে।
উল্লেখ্য, প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে এবং পঞ্চম দল প্লে অফ ম্যাচের জন্য তৈরি হবে। সেখানে অপেক্ষা করছে নিউজিল্যান্ড।
শেষে একটি ছোট্ট পরিসংখ্যান দেই, ২০০১ সালের পর ইকুয়েডরের মাটিতে জিততে পারেনি দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এমনকি ঘরের মাটিতে এবারের বাছাইপর্বের প্রথম ম্যাচেও ইকুয়েডরের কাছে হারতে হয়েছিল ০-২ গোলে। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার মিটার উঁচুতে আর্জেন্টিনা জন্য জয় পাওয়াটা মোটেই সহজ হবে না। নিজেদের সেরা পারফরম্যান্সের সাথে ভাগ্যকেও সাথে লাগবে। না হলে ১৯৭০ সালের পর এবার বিশ্বকাপের টিকিট মিলবে না বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটির।
