প্রবল বাতাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের ওয়াইন কাউন্টিজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত এ দাবানলে ১০জনের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়ার ওয়াইন এলাকার জঙ্গলে ব্যাপক এ দাবানলের কারণে এরই মধ্যে প্রায় দেড় হাজারের মতো স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
কর্মকর্তারা বলছেন, দাবানল শুরুর পর থেকে এটি বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে। দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে বিশ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে গেছে। দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরী অবস্থা ঘোষণা করেছেন।
ঘোষণায় বলা হয়েছে, ” দাবানলের কারণে অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং হাজার-হাজার বাড়ি হুমকির মুখে আছে। এজন্য হাজার-হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেবার প্রয়োজন।”
একজন বাসিন্দা জানিয়েছেন, দাবানল থেকে বাঁচতে তিনি এবং তাঁর প্রতিবেশীরা দাবানল থেকে বাঁচতে গাড়িতে করে এলাকা ছেড়ে চলে গেছেন।
তবে কিভাবে দাবানলের সূচনা হয়েছিল সেটি এখনো জানা যায়নি। দাবানলের তীব্রতা এবং বিস্তৃতির কারণে দমকল কর্মীরা তাদের কাজ পুরোপুরি করতে পারছেন না। রাজ্যের অন্যান্য জায়গা থেকে আরো অগ্নি নির্বাপণ কর্মী এবং যন্ত্রপাতি আনা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে।
এক সংবাদ সম্মেলনে ক্যালফায়ারের পরিচালক কেন পিমলোট জানিয়েছেন, ওই এলাকাগুলোর প্রায় এক হাজার ৫০০ বাড়ি ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়ে গেছে। দাবানলে কিছু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এর আগে বিভিন্ন সময় দাবানলে ৭০ হাজার একর জায়গা নষ্ট হয়েছে।
