শেয়ারবাজার: ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে  মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শরিয়াহ সূচক ডিএসইএস নিম্নমুখি। তবে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ২১ শতাংশ বেড়ে ৬ হাজার ১৪১ দশমিক ৮১ পয়েন্টে উন্নীত হয়। ৭ দশমিক ৩৪ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ২ হাজার ২০৭ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। তবে ১ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ১ হাজার ৩৪৭ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ২৪ কোটি ১ লাখ ৩৩ হাজার ৭১১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৭৬৫ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৯৬৭ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১৮৮টির ও অপরিবর্তিত ছিল ৩৭টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১৯ দশমিক ৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৩ দশমিক ১৪ পয়েন্টে উন্নীত হয়। ৮৭ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৩৯ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৪৯ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার ৫২১ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৪৯ কোটি ১০ লাখ ৬০ হাজার ৬৪১ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৪০টির ও অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর।