বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে জামায়াত




বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলীয় আমির মকবুল আহাদ, সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ ৮ জন নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে এ হরতাল ডেকেছে তারা। এ ছাড়া দলটি কাল বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও শুক্রবার নেতাদের মুক্তির দাবিতে দোয়া মাহফিল করবে।
আজ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান দলীয় নেতা কর্মীদের শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে গতকাল সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। কদমতলী থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় আজ তাঁদের আদালতে হাজির করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মামলা দুটি করা হয়।
গ্রেপ্তার বাকি সাতজন হলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগরের আমির মোহাম্মদ শাজাহান ও সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির জাফর সাদেক, সেক্রেটারি জেনারেলের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম।
দুই মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক সাজু মিয়া প্রথম আলোকে বলেন, এই আটজনের প্রত্যেককে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। আদালত পাঁচ দিন করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জেনারেল গ্রেপ্তার হওয়ায় এখন থেকে নায়েবে আমির মুজিবুর রহমান দলের কেন্দ্রীয় আমির ও সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুদ ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করবেন।