খাবারের জন্য মায়ের চারপাশে ঘোরাঘুরি করা আর বউয়ের কাছে বায়না দেয়া বাঙ্গালি ছেলে-বুড়োর কর্ম ও ধর্ম দুটোই বলা চলে। সেজন্যই বোধহয় ছোটবেলায় যখন সমবয়সী বালকেরা ব্যাট-বল হাতে মাঠ জুড়ে দৌড়ে বেড়ায় তখন বালিকাগণ ছোট্ট ছোট্ট হাড়ি পাতিল নিয়ে রাঁধতে বসেন।
আর যেদিন তার পুতুলের বিয়ে হয় সেইদিন তো কথায় নেই। কাগজের কার্টনে সীমাবদ্ধ সংসারে চলে বিনা শব্দের উৎসব। রান্না হয় তত পদ, বালিকা কর্ত্রীর যত সখ।
সেই লিলিপুটের খাবার রাঁধা বা শৈশব স্মৃতির সামাজিক মূল্য এদেশে থাক বা না থাক, শখ যে অমূল্য। কেট মুরডোক নামে ২৪ বছর বয়সী তরুণী তার জীবিকা হিসেবে ছেলেবেলার শখকেই বেছে নিয়েছেন। হয়ত ভাবতে পারেন এ আর নতুন কি। অনেকেই রান্নাকে পেশা হিসেবে নিয়েছে। কিন্তু কেট যে রান্না করেন বৃদ্ধাআঙ্গুলির সমান ফ্রাই প্যানে, তাও ছোট আকারের মোমবাতি দিয়ে। আর এভাবেই কেট তৈরি করছেন কফি থেকে শুরু করে জন্মদিনের কেক, ফ্রেন্স ফ্রাই স্যুপ অথবা পুডিং। আর এই আজব মাইক্রোস্কোপিক রান্না দেখছেন হাজার হাজার মানুষ।
এ বিষয়ে কেট বলেন, ‘আমি আমার জীবনে এমন কোন পেশার নাম শুনিনি। আমি একজন নৃত্যশিল্পী হতে চাইতাম। কিন্তু আমি শখের বসে রান্না করতাম, বিশেষ করে বেকিং। মজা করার জন্যই এমন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করি। কিন্তু আশাতীত ভাবে এটা অনেক জনপ্রিয়তা লাভ করে।’
এরপর আর তিনি থেমে থাকেননি। নিজের শখকে নিয়ে এগিয়ে গেছেন কেট। এখন তার প্রায় প্রতিটা রেসিপিতে ৭ মিলিয়নের মত ভিউয়ার।
অবশ্য এখন শুধু কেটই নয় আরও অনেকেই এই ক্ষুদ্রাকৃতির খাবার রান্নার কাজ করছেন। লিলিপুটের খাবার রাঁধার রেওয়াজ বা শৈশব স্মৃতির সামাজিক মূল্য এদেশে থাক বা না থাক, বিশ্বজুড়ে আজকাল এর বাণিজ্যিক মূল্য কিন্তু ঢেড়। টিনি ফুড এখন বিভিন্ন দেশেরই বিনোদনকেন্দ্রিক জনপ্রিয় খাবার ।
