উনসত্তর বছর বয়সে বাবা হচ্ছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট




ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর বয়স এখন ৬৯ বছর এবং তার স্ত্রী জেনি হাওকিওর বয়স ৪০। এই বয়সেই তারা আশা করছেন, শিগগিরই তাদের পরিবারে আসছে নতুন অতিথি।
আগামী ফেব্রুয়ারিতেই তাদের সন্তানের জন্ম হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সাউলি নিনিস্তো ও জেনি হাওকিও সংসার শুরু করেন ২০০৯ সালে। এটাই হবে হাওকিওর প্রথম সন্তান, আর নিনিস্তোর তৃতীয়।
সোমবার নিনিস্তো দম্পতির এক বিবৃতিতে বলা হয়, একটি সন্তানের জন্য আমাদের অপেক্ষা দীর্ঘদিনের। বিগত বছরগুলোতে আমাদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। গর্ভধারণের শুরুর দিনগেুলোতে স্পর্শকাতর অনেক বিষয় ছিল, তবে সেসব পেরিয়ে এখন আমরা সুখবরটা শেয়ার করতে পারি।
আসছে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পরিবারে যখন নতুন শিশুর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে, ওই সময়ই আরও ছয় বছর মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় ভোটের লড়াইয়ে থাকবেন নিনিস্তো। তবে এখন পর্যন্ত জনমত জরিপে তিনি অনেকটাই এগিয়ে আছেন।