জামায়াতের ঢিলেঢালা হরতালে বিএনপির সমর্থন




সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যার হরতাল ঢাকায় অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। রাস্তায় ব্যক্তিগত গাড়ি কিছুটা কম থাকলেও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক। এদিকে হরতাল শুরুর চার ঘণ্টা পর বিএনপি এতে সমর্থন দিয়েছে।
দলের আমির, সেক্রেটারি জেনারেলসহ শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার এবং ‘মিথ্যা’ মামলা দিয়ে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে জামায়াত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হরতালে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক ছিল। ব্যাংক, সচিবালয়, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে হরতালে তেমন কোনো প্রভাব চোখে পড়েনি।
হরতাল শুরুর চার ঘণ্টা পর সকাল ১০টার দিকে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমর্থন দেওয়ার কথা জানান।
অবশ্য গতকাল বুধবার তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, হরতালে সমর্থন দেওয়ার কোনো তথ্য তাঁদের কাছে নেই।
সমর্থন দেওয়ার কারণ চাইলে রিজভী বলেন, সারা দেশেই বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর গ্রেপ্তার, নির্যাতন চলছে। জামায়াতও এই গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে হরতাল ডেকেছে। বিএনপিও বিরোধী দলের দমনপীড়নের বিরুদ্ধে বলে তিনি জানান।
জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি হরতালে বাস-মিনিবাস চালু রেখেছে।