কাতালোনিয়াকে ৮ দিন সময় দিয়েছে স্পেন




স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ কার্যকর করলে কাতালুনিয়ার আঞ্চলিক সরকারকে ক্ষমতা থেকে সরানোর ক্ষমতা পাবেন রাখয়, এরপর তিনি সম্ভবত ওই অঞ্চলটিতে নির্বাচনের ডাক দিবেন।
মঙ্গলবার রাতে কাতালুনিয়া আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কর্লোস পুজদেমন প্রতীকী স্বাধীনতার ঘোষণা দিয়ে তাৎক্ষণিকভাবে তা স্থগিত করে মাদ্রিদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছিলেন।
এ বিষয়ে স্পেন সরকারের পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনার জন্য বুধবার সকালে বৈঠকে বসে স্পেনের মন্ত্রীসভা। বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রাখয় বলেন, “কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করেছে কি না তা নিশ্চিত করতে কাতালান সরকারকে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর বিষয়ে আজ সকালে মন্ত্রীসভা সম্মত হয়েছে, ওই ঘোষণার কার্যকারিতা নিয়ে ইচ্ছাকৃতভাবে যে সংশয় সৃষ্টি করা হয়েছে তা গ্রাহ্য করা হয়নি।”
পরে স্পেনের পার্লামেন্টকে তিনি জানান, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কাতালান সরকারের সমানে ১৬ অক্টোবর, সোমবার ০৮০০ জিএমটি পর্যন্ত সময় আছে। স্বাধীনতা ঘোষণা করেছেন, পুজদেমন যদি এটি নিশ্চিত করেন তাহলে তা সংশোধন করার জন্য ১৯ অক্টোবর, বৃহস্পতিবার ০৮০০ জিএমটি পর্যন্ত আরো তিনদিন সময় পাবেন তিনি। এতে ব্যর্থ হলে অনুচ্ছেদ ১৫৫ কার্যকর করা হবে।
কাতালান সরকার কেন্দ্রীয় সরকারের এই অনুরোধের উত্তর দিবে কি না তা পরিষ্কার হওয়া যায়নি, কিন্তু এখন তাদের একটি সমস্যার মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
যদি পুজদেমন বলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তিনি যদি বলেন, তিনি স্বাধীনতা ঘোষণা করেননি, তাহলে চরম বামপন্থি পার্টি সিইউপি সম্ভবত তার সংখ্যালঘু সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিবে।
স্পেন সরকারের বিরোধিতা ও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাতালোনিয়ার মানুষ গত ১ অক্টোবর যে গণভোটে অংশ নেয়, সেখানে প্রায় ৯০ শতাংশ ভোট কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে পড়ে বলে কাতালান সরকারের ভাষ্য। ভোটের ওই ফলাফলকে অবৈধ ঘোষণা করেছে মাদ্রিদ। স্পেনের সাংবিধানিক আদালত এর ফল স্থগিত করেছে।