বোলারদের ব্যর্থতার ষোল কলা পূর্ন হয়েছিল টেস্ট সিরিজেই। দুই টেস্টে দক্ষিণ আফ্রিকার ৪০ উইকেটের মাত্র ১৪ উইকেট নিতে সক্ষম হয়েছিল টাইগার বোলাররা। তাও পার্টটাইম বোলার হিসেবে মমিনুলের ছিল তিনটি উইকেট।
সাদা পোশাকে নিয়মিত বোলারদের এমন ব্যর্থতা বজায় থাকলো রঙিন পোশাকেও। প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাটিং করে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে বাংলাদেশ। সাকিব আল হাসান ৬৭ বলে ৬৮ ও সাব্বির রহমান ৫৪ বলে ৫২ রান করেন। এছাড়া ইমরুল ২৭, মুশফিক ২২ ও মাহমুদুল্লাহ ২১ রান করেন।
২৫৬ রানের লক্ষ্যে দুর্দান্ত শুরু করেন ওপেনার মারক্রাম ও ব্রেটজকে। তাদের ১৪৭ রানের জুটি ভাঙেন নাসির। ৮২ রান করা মারক্রামকে আউট করেন তিনি। আরেক ওপেনার ব্রেটজকেকে ৭১ রানে বোল্ড করে ফেরান মাশরাফি।
এরপর ডুমিনি ও এবিডি ভিলিয়ার্স একটু একটু করে দক্ষিণ আফ্রিকা একাদশকে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকে। খেলার শেষ ভাগে এসে ৩৪ রান করা ডুমিনি ও ৪৩ রান করা ভিলিয়ার্সকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ।
তারপরও শেষ রক্ষা হয়নি। ২১ বল আগেই ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ২৫৫/১০
(ইমরুল ২৭, সৌম্য ৩, লিটন ৮, মুশফিক ২২ সাকিব ৬৮, মাহমুদুল্লাহ ২১, সাব্বির ৫২, সাইফুদ্দিন ১৩*, মাশরাফি ১৭, মুস্তাফিজ ০)
দক্ষিণ আফ্রিকা একাদশ : ২৫৭/৪
(মারক্রাম ৮২, ব্রেটজকে ৭১, ডুমিনি ৩৪, ভিলিয়ার্স ৪৩, জনডো ১০, ক্লাসেন ৫, মাশরাফি ১/৪৭, নাসির ১/৫২, মাহমুদুল্লাহ ২/১৩)
