রোহিঙ্গা সংকট: তদন্ত শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী




আজ শুক্রবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজে ওই তদন্তের তথ্য প্রকাশ করা হয়। তবে তিনি এটাও বলেছেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর ওই অভিযান ছিল বৈধ।
সেনাবাহিনী ওই অভিযান শুরুর পর গত দেড় মাসে পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ এসেছে তাদের কথায়।
২৪ অগাস্ট রাতে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর সেনাবাহিনী ওই অভিযান শুরু করে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের একটি দলকে দায়ী করে আসছে মিয়ানমার সরকার।
মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার ওই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ বললেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে রোহিঙ্গাদের ‘জাতিগতভাবে নির্মূলের চেষ্টা’ হিসেবে।