প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ নিয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করে তাদের মনে হয়েছে, ফরহাদ মজহার স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন, অপহরণের কোনো ঘটনা সেখানে ঘটেনি।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ফরহাদ মহজার অপহরণের নাটক করেছেন কিনা –সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ফরহাদ মজহারের অপহরণের ঘটনাকে নাটক মনে হয়। তিনি মাইক্রোতে নয়, বাসে করেই খুলনা গেছেন। সরকারকে বিভ্রান্ত করতেই অপহরণের নাটক সাজানো হয়েছে বলে আমরা মনে করছি।
কেন ফরহাদ মজহারের বক্তব্য নিয়ে সন্দেহ, সেই কারণগুলো তুলে ধরে আইজিপি শহীদুল হক সংবাদ সম্মেলনে বলেন, ‘এ পর্যন্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা যতটুকু পেয়েছি, উনি অপহৃত হননি, উনি স্বেচ্ছায় গেছেন।
এর আগে, ফরহাদ মজহার গত ৩ জুলাই ভোরে ঢাকার শ্যামলীর রিং রোডের বাসা থেকে বেরিয়ে ‘অপহৃত’ হন বলে তার স্ত্রী ফরিদা আখতার অভিযোগ করেন। পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে অনুসন্ধান শুরুর পর সেই রাতেই যশোরে এন্টারপ্রাইজের একটি বাসে ফরহাদ মজহারকে পাওয়া যায়।
পরদিন গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার বলেছিলেন, ভোরে ওষুধ কেনার জন্য তিনি বাসা থেকে বের হলে কয়েকজন একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।
আর ফরিদা আখতারের অভিযোগের ভিত্তিতে আদাবর থানায় নথিভুক্ত মামলায় বলা হয়, ফরহাদ মজহার তার ফোন থেকে স্ত্রীকে পাঁচবার কল করে বলেন, অপহরণকারীরা ৩৫ লাখ টাকা চেয়েছে।
