ধর্ষণ নিয়ে মন্তব্য, ক্ষমা চাইলেন হলিউড অভিনেতা




ধর্ষণ নিয়ে মন্তব্য করায় বিপাকে পরলেন হলিউড অভিনেতা জেসন মোমোয়াকেও। বহু পুরনো একটি সাক্ষাৎকারে ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিতর্কের মুখে ক্ষমা চাইলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে উঠে এসেছে সান ডিয়াগো কমিককনের অনেক পুরানো একটি ভিডিও, যেখানে সাড়াজাগানো টিভি সিরিজ ‘গেইম অফ থ্রোন্স’ অভিনেতা মোমোয়াকে ধর্ষণ নিয়ে কৌতুক করতে দেখা গেছে। ওই ভিডিওর পর থেকেই সমালোচনায় বিদ্ধ হতে শুরু করেন তিনি।
ভিডিওটিতে দেখা যায় ‘গেইম অফ থ্রোন্স’-এ অভিনয়ের ভালো দিক কী- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সহশিল্পী এমিলিয়া ক্লার্কের দিকে তাকিয়ে মোমোয়া বলছেন, ‘সুন্দরী নারীদের ধর্ষণ করতে পারাটা’! মোমোয়ার এই ভিডিওটি তখন বিতর্কের সৃষ্টি না করলেও এখন ছড়িয়ে দিচ্ছে সমালোচনার ঝড়। অবশ্য মোমোয়াও এক্ষেত্রে নিজের সাফাই না গেয়ে সরাসরি ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে।
টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ায় আজ আমার ঘুম ভাঙে অনেক আগে আমার করা একটি রুচিহীন কৌতুকের বিপরীতে অনেক মানুষের যৌক্তিক প্রতিক্রিয়া দেখে। আমি নিজেও নিজের প্রতি দারুণভাবে বিরক্ত ওইদিনের ঘটনা নিয়ে। আমি জানি, আমার এখনকার ক্ষমা ওই দিন বলা কথাগুলেঅকে ফিরিয়ে নেবে না। ধর্ষণ এবং যৌন হয়রানির মতো ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে এবং এর যণ্ত্রণাদায়ক অভিজ্ঞতা আমার পরিবোর এবং পরিচিতজনদের মধ্যেই হতে দেখেছি। আমি সত্যিই ভীষণ অরুচিকর একটি মন্তব্য করেছিলাম। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং হৃদয়ের গভীর থেকে আমি ক্ষমা প্রর্থনা করছি যা বলেছি, তা নিয়ে।’
সামনেই মুক্তি পাবে মোমোয়া অভিনীত নতুন সিনেমা ‘জাস্টিস লিগ’। এতে তিনি অভিনয় করেছেন ডিসি সুপারহিরো অ্যাকুয়াম্যান-এর চরিত্রে।