আন্তর্জাতিক বাজারে অতিরিক্ত সরবরাহ চাপে ২০১৪ সালের শেষ সময় থেকে অপরিশোধিত জ্বালানি তেলের দরপতন অব্যাহত রয়েছে। পণ্যটির বৈশ্বিক উত্তোলন কমানোসহ নানামুখী উদ্যোগের পরও দাম কাঙ্ক্ষিত হারে বাড়ানো সম্ভব হয়নি। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫০-৫৫ ডলারের আশপাশে অবস্থান করছে।
এমন পরিস্থিতিতে আগামী বছরে পণ্যটির দাম কাঙ্ক্ষিত হারে বাড়ানো সম্ভব হবে না বলে মনে করছেন খাত-সংশ্লিষ্টরা। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে ২০১৮ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬০ ডলারের নিচে অবস্থান করবে। রয়টার্সের সাম্প্রতিক জরিপভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গতকাল প্রকাশিত রয়টার্সের জরিপ প্রতিবেদনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল খাতের সঙ্গে সম্পৃক্ত ২৫০ শীর্ষ কর্মকর্তা। তাদের মধ্যে যেমন আছেন অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী ও পরিশোধন কেন্দ্রের কর্মকর্তা, তেমনি আছেন পণ্যটি পরিবহনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারাও। তাদের অধিকাংশই মনে করেন, আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়বে। তবে সেটা কাঙ্ক্ষিত হারে বাড়বে না। ২০১৮ সালে পণ্যটির দাম বর্তমানের তুলনায় সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে অবস্থান করবে। এমনকি আগামী দশক শুরুর আগে (২০২১ সাল) প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭০ ডলারের উপরে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। জরিপে প্রায় অর্ধেক অংশগ্রহণকারী মনে করছেন, কাঙ্ক্ষিত হারে মূল্যবৃদ্ধি না হলে আগামী বছর নাগাদ বৈশ্বিক জ্বালানি খাতে বিনিয়োগ কমে আসবে।
অন্যদিকে প্রায় ৬০ শতাংশ অংশগ্রহণকারী মনে করছেন, আগামী বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে উত্তোলন খাতের চাঙ্গাভাব কমে আসবে। দেশটিতে বর্তমানে কার্যক্ষম তেলকূপের সংখ্যা কমবে। ফলে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলোর বৈশ্বিক উত্তোলন হ্রাস-সংক্রান্ত চুক্তির শর্ত বাস্তবায়ন সহজ হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যটির ক্রমাগত দরপতনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে এ চুক্তি করে ওপেকভুক্ত দেশগুলো। এর আওতায় পণ্যটির সম্মিলিত উত্তোলন চলতি বছরের শুরুর পর্যায় থেকে ১৮ লাখ ব্যারেল কমিয়ে আনতে সম্মত হয় সংশ্লিষ্ট দেশগুলো। বৈশ্বিক জ্বালানি তেলের মজুদ পাঁচ বছরের গড়ের সমপর্যায়ে আসবে বলেও আশা করা হয়। রাশিয়াসহ ওপেক-বহির্ভূত বেশ কয়েকটি দেশ এ চুক্তিতে সমর্থন দেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তির শর্ত বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় এর মেয়াদ আগামী বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) পর্যন্ত বাড়ানো হয়। এখন চুক্তিটির মেয়াদ আরেক দফা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। এরই মধ্যে এ উদ্যোগে সমর্থন দিয়েছে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ভেনিজুয়েলাসহ বেশ কয়েকটি দেশ। আগামী নভেম্বরে ওপেকের পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
অপরিশোধিত জ্বালানি তেলের ভবিষ্যৎ বাজার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি সলিউশনসের প্রধান কৌশলবিদ অ্যান্ড্রু স্লাঘটার বলেন, এটা বৈশ্বিক জ্বালানি খাতের জন্য অনেক বড় একটি ধাক্কার সম্ভাবনা। আগামী দিনগুলোয় অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলারের নিচে অবস্থান করলে খাত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াবে। এমন পরিস্থিতিতে পণ্যটির বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ ও কার্যক্রম চালিয়ে যাওয়া তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থতা পুরো খাতের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
