আমিরকে নিয়ে দুই নায়িকার লড়াই




মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে এখন নাকি তীব্র লড়াই বেঁধেছে দুই নায়িকার মধ্যে। শোনা যাচ্ছে এই মুহূর্তে ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখের মধ্যে আমিরকে নিয়ে চলছে ঠান্ডা লড়াই!
আমির খান আগেই জানিয়েছিলেন ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন ফাতিমা সানা শেখই। আর ওই ছবিতে তুলনায় কম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ক্যাটরিনা কাইফ। এই বৈষম্যের জন্যই নাকি আমিরের ওপর বেজায় চটেছেন ক্যাট। ওই ছবিতে ক্যাটরিনার তুলনায় বেশি স্ক্রিন স্পেস পেয়েছেন ফাতিমা। শুটিংয়ে ফাতিমাকে তাঁর চরিত্র বুঝিয়ে দিতেন আমির স্বয়ং। আর এ সব দেখেই আমিরের ওপর নাকি রেগে গিয়েছেন ক্যাটরিনা।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ছবি সম্পর্কে বলতে গিয়ে নাকি ক্যাটরিনার নাম প্রথমে উল্লেখই করেননি আমির। ছবিতে ফাতিমা যখন মূল ভূমিকায় রয়েছেন, তখন ক্যাট রয়েছেন শুধু নাচ-গানের দৃশ্যে। আমির নিজে অমিতাভ বচ্চনের কথাও বলেন। পরে তাঁর কাছে ক্যাটরিনার কথা জানতে চাওয়া হলে, তখন নায়িকার নাম উল্লেখ করেন আমির। এ সব নিয়েই নাকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে ফতিমা ও ক্যাটরিনার মধ্যে। যদিও এই বিষয়ে কেউই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি।
এদিকে ‘দঙ্গল’-এর সময় থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, আমিরের সঙ্গে ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে। অবাক হচ্ছেন তো? হওয়ার কথাই বটে। সকলেই জানেন, আমির আর কিরণ রাওয়ের সম্পর্ক বেশ মজবুত। কিন্তু তাতেও তো ফাটল ধরতে পারে। দু’জনের ঘনিষ্ঠদের মত, এর একমাত্র কারণ ফাতিমার সঙ্গে আমিরের সাম্প্রতিক ঘনিষ্ঠতা। আমিরের ঠিক অর্ধেক বয়স ফাতিমার। তাতেই বা কী এসে গেল! ফিল্মি দুনিয়ায় সম্পর্ক কবেই বা বয়সের গণ্ডি মেনেছে!
ছবি শেষ হয়ে গেলে তারকারা যে যাঁর নিজের বৃত্তে ফিরে যান। আমির আর ফাতিমার ক্ষেত্রে সে সব হয়নি। ফাতিমা এবং ‘দঙ্গল’-এ ববিতা ফোগতের চরিত্র করা সানিয়া মলহোত্রকে নিজের প্রোডাকশন হাউসে অ্যাসিসট্যান্ট ডিরেক্টরের কাজ দেন। এতে দু’জনে আরও কিছুটা সময় কাছাকাছি থাকার সুযোগ পেয়ে যান। আমির বিভিন্ন অনুষ্ঠানে ফাতিমা আর সানিয়াকে নিয়ে যেতেন। সূত্রের খবর বলছে, সানিয়াকে নিয়ে যাওয়াটা লোকের চোখে ধুলো দেওয়ার জন্য।
আরও কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ‘ঠগস অব হিন্দোস্তান’-এ ফাতিমার সুযোগ পাওয়ার পিছনেও আমিরই রয়েছেন বলে শোনা যাচ্ছে। ওই ছবিতে অমিতাভ বচ্চন আছেন। কেরিয়ারের শুরুতেই আমির-অমিতাভের মতো তারকার সঙ্গে কাজ করাটা ভাগ্যের বটে! তার উপর ছবিটা আবার ‘যশ রাজ ফিল্মস’-এর। বলা যায়, আমিরি ছোঁয়ায় ফাতিমার ভাগ্যের জৌলুস ফিরছে। অবশ্য বছর পঁচিশের এই মেয়ে নিজেও কম গ্ল্যামারাস নন। নতুন উঠতি নায়িকাদের মধ্যে ফাতিমাই সবচেয়ে ফোটোজেনিক। আমির-ফাতিমা মুম্বইয়ে একসঙ্গে জিম করেন। এমনকী এও শোনা গিয়েছে, ‘দঙ্গল’-এর পর আমির যখন ওজন কমাতে আমেরিকা যান, সেখানে ফাতিমা তাঁর সঙ্গে গিয়েছিলেন।