চলতি মাসের শুরু থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী ছিল। মাসের মাঝামাঝি সময়ে এসে পণ্যটির দাম কমতে শুরু করেছে। দুদিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে আমদানি করা পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ৮-১০ টাকা।
মূলত ভারত থেকে পণ্যটির আমদানি বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিকল্প উত্স থেকে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় আগামী দিনগুলোয় পণ্যটির দাম আরো কমবে বলে মনে করছেন তারা।
হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাধারণত এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হয়। তবে চলতি মাসের শুরুতে তা ১৫-২০ ট্রাকে নেমে আসে। মূলত দুর্গা পূজা ও আশুরার ছুটি এবং ভারতের মৌসুমের শেষ নাগাদ পণ্যটির সরবরাহ কমায় আমদানি কমেছিল। বর্তমানে প্রতিদিন ৩০-৩২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ছুটি শেষে ৩ অক্টোবর এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২১টি ট্রাকে ৪৩১ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এরপর ৪ অক্টোবর ১৬টি ট্রাকে ৩০২ টন, ৫ অক্টোবর ২১টি ট্রাকে ৩৯৮ টন, ৭ অক্টোবর ১৩টি ট্রাকে ২৪৩ টন, ৮ অক্টোবর ২৪টি ট্রাকে ৪৬৫ টন, ৯ অক্টোবর ২৫টি ট্রাকে ৪৮২ টন, ১০ অক্টোবর ২৫টি ট্রাকে ৫১৭ টন, ১১ অক্টোবর ৩২টি ট্রাকে ৬৪০ টন ও ১২ অক্টোবর ৩২টি ট্রাকে ৬৪০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এভাবে চলতি মাসের ৩ থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ২০৯টি ট্রাকে ৪ হাজার ১১৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর গত সেপ্টেম্বরে ৬৩৯টি ট্রাকে ১২ হাজার ৯৫৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। আগস্টে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ৭৪১টি ট্রাকে ১৫ হাজার ৬৯ টন।
গতকাল স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) ভারত থেকে আমদানি করা পেঁয়াজ মানভেদে কেজিপ্রতি ৩০-৩৪ টাকায় বিক্রি হয়। দুদিন আগেও পণ্যটি মানভেদে কেজিপ্রতি ৪০-৪২ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে কেজিপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৮-১০ টাকা। অন্যদিকে খুচরা পর্যায়ে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় ৩৫-৪০ টাকায়। দুদিন আগেও পণ্যটি কেজিপ্রতি ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে দুদিনের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা।
এখন হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩০-৩২ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতের অভ্যন্তরেও প্রচুর পরিমাণ পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ফলে চলতি মাসের মাঝামাঝি সময়ে এসে দেশের বাজারে পণ্যটির সরবরাহও বেড়েছে। মূলত এ কারণেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। সীমান্তের ওপারে অপেক্ষমাণ পেঁয়াজবাহী ট্রাকগুলো দেশে এলে পণ্যটির দাম আরো কমবে বলে মনে করছেন তারা। একই সঙ্গে বিকল্প উত্স থেকে পেঁয়াজ আমদানি বাড়ার ফলে পণ্যটির সরবরাহ বেড়ে দাম আরো কমে আসবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
