রোহিঙ্গারা পরিকল্পিতভাবে বাংলাদেশে পালাচ্ছে: মিয়ানমারের মন্ত্রী




মিয়ানমারের বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার ঘটনা পরিকল্পিত হয়ে থাকতে পারে বলে দাবি করেছেন মিয়ানমারের প্রত্যাবাসনমন্ত্রী উইন মিয়াত আয়ে।
গতকাল শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এ সাক্ষাৎকারে পুরো ঘটনাকে ‘জাতিগত নিধন’ হিসেবে উপস্থাপন করতেই রোহিঙ্গারা পরিকল্পিতভাবে বাংলাদেশে পালিয়ে যাচ্ছে বলে দাবি করেন প্রত্যাবাসনমন্ত্রী।
মিয়ানমার প্রত্যাবাসনমন্ত্রী উইন মিয়াত আয়ে বলেন, ‘রোহিঙ্গারা নিজেরাই বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেউ বাধ্য করছে না। কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমি জানি না, বিষয়টি এমন হতে পারে যে, রোহিঙ্গারাই পরিকল্পিতভাবে পালিয়ে যাচ্ছে, যাতে প্রমাণ হয় এদেশের সরকার জাতিগত নিধন করছে।’
রাখাইনে সেনাবাহিনীর অভিযান শুরুর পর গত দেড় মাসে পাঁচ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ এসেছে তাদের কথায়। ২৪ অগাস্ট রাতে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর সেনাবাহিনী ওই অভিযান শুরু করে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের একটি দলকে দায়ী করে আসছে মিয়ানমার সরকার। মিয়ানমারের সেনাবাহিনী ও সরকার ওই অভিযানকে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই’ বললেও জাতিসংঘ একে চিহ্নিত করেছে রোহিঙ্গাদের ‘জাতিগতভাবে নির্মূলের চেষ্টা’ হিসেবে।