দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লু-চিপ সূচক ঊর্ধ্বমুখি। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে। দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৪৬ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ৬ হাজার ৮ দশমিক ৯৫ পয়েন্টে নেমে গেছে। ৩ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ২ হাজার ১৯৩ দশমিক ৫ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। ১১ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ কমে ১ হাজার ৩২২ দশমিক ১৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৭ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার ৯২০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬২০ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৭৪৩ কোটি ২৯ লাখ ৭ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ৬২টির, কমেছে ২৫২টির ও অপরিবর্তিত ছিল ১৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার সিএসইর ব্রড ইনডেক্স সিএসসিএক্স ১১১ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ২৬৬ দশমিক ৪৭ পয়েন্টে নেমে গেছে। তবে ৩৯ দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৭৫১ দশমিক ৪ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩৭ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৫১৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৫ কোটি ২১ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১৭৯টির ও অপরিবর্তিত ছিল ১৪টির বাজারদর।
