সংসদ ভেঙে ‘সহায়ক সরকার’ এর অধীনে ভোটের প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছে বিএনপি। এছাড়া ভোটের সময় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েন, ২০০৮ সালের আগের সংসদীয় আসন সীমানা ফিরিয়ে আনা, ইভিএম চালু না করার প্রস্তাবও দিয়েছে দলটি।
পরবর্তী সংসদ নির্বাচন করতে দায়িত্বে আসা কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন থাকলেও রোববার তাদের সঙ্গে সংলাপে বসে দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি।
সংলাপে জরুরি অবস্থার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত দলীয় চেয়ারপারসনসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকরা সব মামলা প্রত্যাহারের দাবিও রয়েছে বিএনপির ২০টি সুপারিশে।
আড়াই ঘণ্টার সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “বিএনপি বিশ্বাস করতে চায়, নির্বাচন কমিশনের এই সংলাপ বা রোডম্যাপ বা পথ নকশা নিছক কালক্ষেপণ বা লোক দেখানো কার্যক্রমে সীমাবদ্ধ হয়ে পড়বে না। এই সংলাপ যেন প্রহসনে পরিণত না হয়, তা কমিশনকেই নিশ্চিত করতে হবে।”
সিইসি পদে শপথ নেওয়ার পর থেকে বিএনপির প্রশ্নের মুখে থাকা সাবেক আমলা নূরুল হুদা সংলাপে জিয়াউর রহমানের প্রশংসা যেমন করেছেন, তেমনি খালেদা জিয়ার সরকারকে ‘প্রকৃত নতুন ধারার’ প্রবর্তক বলেও অভিহিত করেছেন।
সংলাপে সন্তুষ্ট হয়েছেন কি না- সাংবাদিকদের এই প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, “বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সরকারের যে একটা প্রচণ্ড রকমের অগণতান্ত্রিক আচরণ, সেখানে খুব বেশি আশাবাদী হওয়ার কারণ আছে বলে তো আমরা মনে করি না।”
তবে এর মধ্যেও আশার যাত্রাটা শুরু হল বলে মনে করেন কি না- এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “কিছুটা তো বটেই, আমরা কিছুটা আশাবাদী তো বটেই।”
