ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশে উৎপাদিত নতুন মৌসুমের আদার সরবরাহ বেড়েছে। এ কারণে পণ্যটির দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে আমদানি করা আদার দাম কেজিপ্রতি সর্বোচ্চ ২০ টাকা কমেছে। অন্যদিকে দেশে উৎপাদিত আদার দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা। বাজারে দেশে উৎপাদিত আদার সরবরাহ আরো বাড়লে পণ্যটির দাম বর্তমানের তুলনায়ও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গতকাল খাতুনগঞ্জ বাজারের আড়ত ঘুরে আমদানি করা আদা প্রতি কেজি মানভেদে ১০০-১০৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক সপ্তাহ আগেও পণ্যটি প্রতি কেজি ১২০ টাকার উপরে বিক্রি হয়েছিল। সে হিসাবে স্থানীয় বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি আমদানি করা আদার দাম কমেছে সর্বোচ্চ ২০ টাকা। অন্যদিকে এদিন পাইকারি পর্যায়ে দেশে উৎপাদিত আদা মানভেদে কেজিপ্রতি ৬০-৬৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। দুই সপ্তাহ আগেও পণ্যটি কেজিপ্রতি ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে দুই সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কমেছে কেজিতে সর্বোচ্চ ১০ টাকা।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, এক মাস আগে বাজারে নতুন মৌসুমে দেশে উৎপাদিত আদার সরবরাহ শুরু হয়। এর পর থেকে পণ্যটির সরবরাহ ক্রমেই বেড়েছে। পণ্যটির বাড়তি সরবরাহ আমদানি করা আদার বাজারে চাপ তৈরি করেছে। এ কারণে আমদানি করা আদার দাম কমে গেছে। একই সঙ্গে সরবরাহ বৃদ্ধির কারণে দেশে উৎপাদিত আদার দামও কমেছে।
