পর্দায় অনেকের সাথেই প্রেম করতে দেখা গেছে নায়িকা পরীমনিকে। তবে বাস্তবে পরীমনির নায়ক কে তা ছিল অজানা। অনেক দিন ধরেই গুঞ্জন ছিল এক বিনোদন সাংবাদিকের সাথে প্রেম করছেন এই নায়িকা। এবার নিজেই প্রেমিকের পরিচয় সামনে আনলেন পরী।
তামিম হাসান একটি এফএম রেডিওতে ‘লাভগুরু’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করে নিজেকে লাভগুরু হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এক বছর ধরে চুপিচুপি প্রেম করলেও এবার নায়িকার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। সিনেমায় আসার পর থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের স্থিরচিত্র পোস্ট করে পরীমনি বেশ আলোচনায় ছিলেন। আংটিবদলের ছবি এবং প্রেম-বিয়েকেন্দ্রিক অনেক খবরই প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। কিন্তু কোনোটির ব্যাপারেই পরীমনি মুখ খোলেননি। এবার তিনি ফেসবুকে নিজের সম্পর্কের কথা প্রকাশ করলেন।
ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে তামিম হাসানের সাথে সম্পর্কের বিষয়টি ভক্তদের জানিয়ে দেন পরী। এছাড়া পরীমনি তাঁর রিলেশনশিপ তথ্য বদলে ফেলার পাশাপাশি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসও লিখেন। ‘আজ বৃষ্টি রাতের এক বছর…’ এমন স্ট্যাটাসে ধারণা করা হচ্ছে, পরীমনি ও তামিমের প্রেমের বয়স (১২ জুলাই দিবাগত রাত) এক বছর পার করেছে।
অবশ্য পরীমনির শেষ জন্মদিনের অনুষ্ঠানে তাঁর প্রেমের বিষয়টি আমন্ত্রিত অতিথিদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল। অন্যদিকে প্রেমিকের জন্মদিনে নিজেই সম্পর্কের কথা প্রকাশ করলেন তিনি।
