নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬১ কোটি টাকার জাল জব্দ


দুই মাস ইলিশ ধরতে পারবে না জেলেরা

ঢাকা: ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নৌবাহিনী পরিচালিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার, ২৯ অক্টোবর সমাপ্ত অভিযানে ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকার অবৈধ জাল ও বোট জব্দ করা হয়।

শুক্রবার, ৩০ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী ৮ অক্টোবর থেকে দেশের ৯টি জেলায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে। ২২ দিনের এই অভিযানে মোট ২১২টি অপারেশন চালিয়ে ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার অবৈধ জাল এবং আরও ১৬৬টি বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

একই সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে নদী ও সাগরে মাছ ধরার অপরাধে ৪টি মাছ ধরার বোট এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করার পাশাপাশি ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উদ্ধার করা অবৈধ জালগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে।

গভীর সমুদ্র ও উপকূলীয় জলসীমায় দেশি-বিদেশি মৎস্যযানের অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ ঠেকাতে নৌবাহিনীর ৭টি জাহাজ, কন্টিনজেন্ট এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। এর পাশাপাশি অভ্যন্তরীণ নদ-নদী ও জলজ সম্পদ ব্যবস্থাপনা সুরক্ষিত রাখতে ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্রগুলোতে নৌবাহিনীর বোট দায়িত্ব পালন করে।

স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, নৌ পুলিশ এবং মৎস্য অধিদপ্তরের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে এই অভিযান বাস্তবায়ন করেছে নৌবাহিনী। নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তি ও মাছ ধরার বোটগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সেগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এবং উপকূলীয় জনপদে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

সরকারের নির্দেশনার আলোকে পরিচালিত এই সংরক্ষণ কার্যক্রম মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন ও বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এতে দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলাশয়ে ইলিশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছে মৎস্য বিভাগ।

সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনের মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার, ৩০ অক্টোবর থেকে উপকূল ও নদ-নদীর জেলেরা পুনরায় স্বাভাবিকভাবে মাছ ধরা ও জীবিকা নির্বাহের সুযোগ পাচ্ছেন। এর মধ্য দিয়ে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই আহরণ ব্যবস্থাপনার পথ আরও সুগম হয়েছে।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের অভ্যন্তরীণ নদ-নদী ও বঙ্গোপসাগরে পরিচালিত এই বিশেষ টহল অভিযানে জেলেরাও আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছেন। অবৈধ জাল ধ্বংস ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখার ফলে আগামী মৌসুমে নদ-নদী ও সাগরে ইলিশের আহরণ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে।

সূত্র: বাসস