প্রধান বিচারপতি এস কে সিনহা যাওয়ার চার দিনের মাথায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেন তার স্ত্রী সুষমা সিনহা। প্রধান বিচারপতির প্রটোকল কর্মকর্তা আবদুল ওয়ারেস জানিয়েছেন মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন ।
এর আগে ৩৯ দিনের ছুটি নিয়ে গত শুক্রবার রাতে অস্ট্রেলিয়া যান প্রধান বিচারপতি এস কে সিনহা। গত পয়লা অক্টোবর রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের ছুটির কথা জানিয়ে চিঠি দেন। এখন তাঁর ছুটি ৯ দিন বাড়িয়ে ১০ নভেম্বর করা হয়েছে।
৩ অক্টোবর সুপ্রিম কোর্ট খুললে প্রধান বিচারপতি সিনহার এক মাসের ছুটি নেওয়ার খবর জানান অ্যাটর্নি জেনারেল। এরপর নানামুখী আলোচনার মধ্যে বিচারপতি সিনহা ও তার স্ত্রীর তিন বছরের অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার কথা জানান আদালতের একজন কর্মকর্তা। সে সময় তিনি বলেছিলেন, প্রধান বিচারপতি ও তার স্ত্রী ‘শিগগিরই’ অস্ট্রেলিয়া যাচ্ছেন। সেখানে বসবাসরত মেয়ে সূচনা সিনহার বাসায় উঠবেন তারা।
