উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ। সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক দিক নিয়ে আরও বেশি কাজ করতে মেলার উদ্বোধনীতে আইসিটি ডিভিশনকে আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী মুস্তাফা কামাল। জুনাইদ আহমেদ পলক তথ্যপ্রযুক্তি খাতে হার্ডওয়্যার শিল্পের বিকাশে শুল্ক সুবিধার কথা জানিয়ে বেসরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, “আমরা হার্ডওয়্যার আমদানি কমাতে চাই, এবার আমরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি পণ্য দেশের বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইসিটি ডিভিশনের সচিব সুবীর কিশোর চৌধুরী, বিসিএসের সভাপতি আলী আশফাক, বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এবং বিসিএসের মহাসচিব সুব্রত সরকার উপস্থিত ছিলেন।
আইসিটি এক্সপোতে দেশীয় ও আন্তর্জাতিক শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীনে বিভাগগুলো অংশ নিয়েছে। তথ্যপ্রযুক্তির নতুন সব পণ্য, জীবনশৈলী ও ধারণা উপস্থাপন করছে এসব প্রতিষ্ঠান। ১৩২টি প্যাভিলিয়ন ও স্টলে বিভিন্ন সেবা প্রদর্শন করা হচ্ছে। এবারের মেলায় আটটি দেশ থেকে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী, প্রতিনিধি ও বক্তা অংশ নিচ্ছেন। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিটুবিতে অংশ নেবেন। আইসিটি এক্সপোতে তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য দেওয়া হবে বিভিন্ন অ্যাওয়ার্ড ও সম্মাননা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ১০টা থেকে ৮টা পর্যন্ত।
