নিয়োগদাতা ছাড়া অন্য মালিকের অধীনে অনুমতিপত্র বিহীন কাজ করায় ১৩৫ বাংলাদেশিকে আটক করেছে সৌদি আরব। দেশটির দাম্মাম শহরে গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিনের অভিযানে সৌদি পুলিশ তাদের আটক করে বলে জানান ওই শহরে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফয়সাল আহমেদ।
প্রতি বছর হজ পরবর্তী সময়ে হজে এসে অবৈধভাবে থেকে যাওয়া বিদেশিদের চিহ্নিত করতে অভিযান চালায় সৌদি সরকার। এবারও এই অভিযান শুরু হয়েছে, যা আরও এক মাসের বেশি সময় চলবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এ বিষয়ে ফয়সালবলেন, আটক বাংলাদেশিরা অনুমতিপত্র ছাড়াই বিভিন্ন কোম্পানিতে সাপ্লাইয়ের কাজ করতেন, সৌদি শ্রম আইনে তা দণ্ডনীয় অপরাধ। এতে শ্রমিক ও নিয়োগকর্তার ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আটকদের ডিপোর্টেশন জেলে পাঠানো হয়েছে। সপ্তাহখানেকের মধ্যেই তাদের দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।
সৌদি আরবে নিয়োগদাতা ছাড়া ভিন্ন মালিকের কাজ করতে হলে নিয়োগদাতার লিখিত অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান ফয়সাল।
