ভোট ঘিরে শঙ্কার কথা জানালেন বার্নিকাট




একাদশ সংসদ নির্বাচনের এক বছর বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের সেই মতপার্থক্যের অবসান এখনও হয়নি। এমত অবস্থায় আগামী নির্বাচনে সময় অস্থিতিশীলতার শঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের।
বুধবার বিজিএমএইএ নেতাদের সঙ্গে আলোচনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এই শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে তার সম্ভাব্য প্রভাবের বিষয়ে সতর্কবার্তা দেন।
কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে গিয়ে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মালিকদের এই সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
তাদের বৈঠক নিয়ে বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলা হয়, “এদেশে বিভিন্ন সময়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সঙ্গতভাবেই ক্রেতারা আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করতে পারেন এবং সে অনুযায়ী ওই সময়ের অর্ডারগুলো দিতে পারেন।”
রাজনৈতিক বিরোধের মধ্যে বাংলাদেশের দশম সংসদ নির্বাচনের আগে-পরে সহিংসতা চলে। ভোট আটকাতে বিএনপির আন্দোলনের মধ্যে পেট্রোল বোমা, গাড়িতে অগ্নিসংযোগে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।