পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে করা দুটি চুক্তি অবৈধ ও বাতিল ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় স্থগিতের জন্য কানাডীয় কোম্পানি নাইকোর করা আবেদন তিন সপ্তাহের জন্য মুলতবি করেছে আপিল বিভাগ।
অস্থায়ী প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। ওই তিন সপ্তাহের মধ্যে নাইকোকে হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে বলেছে আদালত। হাইকোর্ট গত ২৪ অগাস্ট এক রায়ে পেট্রোবাংলা ও বাপেক্সের সঙ্গে নাইকোর দুটি চুক্তি বাতিল ঘোষণা করে।
রায়ে বলা হয়, সুনামগঞ্জের টেংরাটিলায় নাইকোর গ্যাসক্ষেত্রে ২০০৫ সালের বিস্ফোরণের ঘটনায় ক্ষতিপূরণ এবং দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতে বিচারাধীন দুটি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাইকোকে কোনো অর্থ পরিশোধ করা যাবে না। সেই সঙ্গে ওই দুই চুক্তির আওতায় নাইকো কানাডা ও নাইকো বাংলাদেশের সব সম্পত্তি এবং ৯ নম্বর ব্লকে থাকা নাইকোর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে জব্দ করার আদেশ দেয় হাইকোর্ট।
জনস্বার্থে করা এক রিট আবেদনে গতবছর দেওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ ওই রায় দেয়। বাংলাদেশে গ্যাস উত্তোলন ও সরবরাহের জন্য ২০০৩ ও ২০০৬ সালে নাইকোর সঙ্গে চুক্তি দুটি করে বাপেক্স ও পেট্রোবাংলা।
