রোহিঙ্গাদের দুর্দশার সুযোগ নিচ্ছে মাদক চোরাকারবারিরা




মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারের মুদ্রা ‘কিয়াত’ কম মূল্যে কিনে নিচ্ছে মুদ্রা পাচারকারী কয়েকটি সিন্ডিকেট। এতে বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর অসহায়ত্বের সুযোগ নিচ্ছে মুনাফালোভী সিন্ডিকেটগুলো।
জানা গেছে, রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসা শুরু করলে বেশ কয়েকটি চক্র সক্রিয় হয়ে ওঠে। বর্তমানে সীমান্তে মুদ্রা পাচারকারী চক্রের দেড় শতাধিক সদস্য সক্রিয় হয়েছে। যারা সিমান্ত পেরিয়া আসা রোহিঙ্গাদের কাছ থেকে অর্ধেক মূল্যে কিয়াত কিনে নিয়ে মাদক চোরাচালানের মাধ্যমে পাচার করছে। এসব সদস্যদের নিয়ন্ত্রণ করছে টেকনাফের চারটি শক্তিশালী সিন্ডিকেট। আর এ কাজে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি কয়েকজন মুদ্রা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আগস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর রোহিঙ্গারা নিজের কাছে থাকা কিয়াতসহ অন্যান্য দামি জিনিসপত্র সঙ্গে নিয়ে আসছে। কিন্তু ওপার থেকে রোহিঙ্গারা আসার সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু মুদ্রা পাচারকারী নামমাত্র মূল্যে ওই কিয়াতগুলো বাংলাদেশি টাকা দিয়ে কিনে নিচ্ছে। যদিও বিনিময় মূল্য বাংলাদেশি একটাকা সমান ১৬ কিয়াত। কিন্তু এক লাখ কিয়াতের জন্য তিনি থেকে চার হাজার টাকা দিচ্ছে সিন্ডিকেটের সদস্যরা। আর প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা উপায়ান্তু না পেয়ে সিন্ডিকেটের দেয়া মূল্যে বাংলাদেশি টাকা নিতে হুমড়ি খেয়ে পড়ছে। আবার অনেকেই কিয়াত টাকায় পরিবর্তন করিয়ে দেওয়ার কথা বলে রোহিঙ্গাদের অর্থ নিয়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, টেকনাফের মোহাম্মদ জাফর, নুরুল আমিন, কাদের, উখিয়ার পালংখালীর বার্মাইয়া সিরাজুল ইসলাম চিক্কুইন্যা, জয়নাল আবেদীন ও গোরা মিয়াসহ সীমান্তে দেড় শতাধিক মুদ্রা পাচারকারী সদস্য সক্রিয়। সীমান্তের চারটি শক্তিশালী সিন্ডিকেটের হয়ে তারা বিভিন্ন পয়েন্টে কাজ করছে। এই চার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন আইয়ুব ওরফে বাইট্যা আইয়ুব, হায়দার আলী, ইসমাইল ও শাহপরীরদ্বীপের শামশুল ইসলাম শামীম।
সীমান্তের পেরিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে কিয়াত হাতিয়ে নেওয়ার পর তারা সিন্ডিকেটের নেতাদের কাছে নিয়ে যাচ্ছে। পরে এসব মুদ্রা হুন্ডি ও ইয়াবা পাচারকারী সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমারে পাচার হচ্ছে। কক্সবাজারের একটি বেসরকারি ব্যাংকে কর্মরতা জানান, বাংলাদেশের এক টাকার সমান মিয়ানমারের ১৪ থেকে ১৬ কিয়াত। অর্থাৎ মিয়ানমারের এক লাখ কিয়াত বাংলাদেশের ১৬ হাজার টাকার সমান। এ মূল্য আবার বিভিন্ন সময় উঠানামা করে।
তবে মিয়ানমারের মুদ্রা কিয়াত কক্সবাজারের কোনও ব্যাংকে ভাঙতি বা লেনদেন করার সুযোগ নেই। এই কিয়াত যারা কিনে নিচ্ছে তারা হয়তো অসৎ উদ্দেশ্যে নিতে পারে। কারণ এই মুদ্রা মাফিয়া চক্রের সদস্যদের ছাড়া অন্য কারও কোনও কাজে আসবে না।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘সীমান্তে রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অসংখ্য লোক কিয়াত ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছে। অতীতে এ রকম ঘটনা সীমান্তে ঘটেছে। সম্প্রতি টেকনাফের উনচিপ্রাং সীমান্ত থেকে মুদ্রা পাচারের সঙ্গে জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে। এরপর থেকে পুলিশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং অভিযান অব্যাহত রেখেছে।’