#MeToo এর পিছনের গল্প




সামজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ঘোরাঘুরি করলেই দেখা যাচ্ছে হ্যাশট্যাগ মি টু (#MeToo) লেখা। বিশেষ করে নারীদের ওয়ালে, অবশ্য কিছু পুরুষের ওয়ালেও শোভা পাচ্ছে এটি। প্রশ্ন জাগতে পারে, কী হলো? বেশির ভাগ নারীই কেন এটা লিখেছেন?
মূলত এটি যৌন নিপীড়ন বিরোধী একটি প্রচারণা, যার শুরুটা করেছেন মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো। হলিউডের মুভি মুঘল হার্ভে উইনস্টেইনের যৌন কেলেঙ্কারির খবর ফাঁসের প্রতিক্রিয়ায় তাঁর এই উদ্যোগ।
গত তিন দশকে অনেক নারীকে যৌন হয়রানি করেছেন হার্ভে উইনস্টেইন। এই তালিকায় আছেন হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যাল্ট্রো, অ্যাশলে জুড, কারা ডালাভিনেন, কেট বেকিনসেল, লি সিডু, হিথার গ্রাহাম ও ইতালীয় অভিনেত্রী আসিয়া আর্জেন্তোওসহ আরও অনেকে।
এ খবর প্রকাশের পর অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান টুইট করে বলেন, তিনিও এই প্রভাবশালী প্রযোজকের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এরপর টুইটার সাময়িকভাবে তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। প্রতিবাদে বিশ্বের অনেক নারী ঘোষণা দিয়ে একদিনের জন্য টুইটার বর্জন করেন।
তবে স্রোতার বাইরে গিয়ে ভাবেন অ্যালিসা। অ্যালিসার মনে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তিকে ব্যবহার করে যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ, শুধু এই অভিনেত্রীরাই নন; যৌন নিপীড়নের বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এমন সাধারণ নারীর সংখ্যাও নেহাত কম হবে না।
১৫ অক্টোবর রাতে তিনি টুইট করেন, ‘যারা যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়েছেন, তারা মি টুও লিখে টুইটের রিপ্লাই দিন।’ এই ধারণা অ্যালিসা তাঁর এক বন্ধুর কাছে পান। বন্ধু তাঁকে লেখেন, ‘যৌন নিপীড়ন বা হয়রানির শিকার নারীরা যদি তাদের স্ট্যাটাসে মি টুও লেখেন, তাহলে আমরা এই সমস্যার প্রকটতা সম্পর্কে মানুষকে একটা ধারণা দিতে পারব।’ বন্ধুর এই বার্তা হুবহু তুলে দিয়ে নিচে মি টুও লিখে টুইট করেন তিনি।
অ্যালিসার টুইটের মাত্র ২৪ ঘণ্টায় ৫৩ হাজারের বেশি মানুষ তাতে কমেন্ট করেন। হাজার হাজার নারী মি টুও লিখে নিজের জীবনে ঘটে যাওয়া ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের কথা তুলে ধরেন। টুইটার বলছে, দুই দিনে ১০ লাখের বেশিবার এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করা হয়েছে। পিছিয়ে নেই ফেসবুক ব্যবহারকারীরাও। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, অ্যালিসা এই প্রচার শুরুর ২৪ ঘণ্টারও কম সময়ে ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ বিষয়টি নিয়ে পোস্ট দিয়েছে ও কমেন্ট করেছে। শুধু যুক্তরাষ্ট্রে ফেসবুক ব্যবহারকারীদের ৪৫ শতাংশ এই প্রচারণায় শামিল হয়েছে। যত সময় গড়াচ্ছে, যৌন নিপীড়নের শিকার হওয়া মানুষের এই প্রচারণার সঙ্গে একাত্ম হওয়ার সংখ্যা বাড়ছে।
এত বিপুল মানুষের সাড়া পেয়ে বিস্মিত অ্যালিসা মিলানো। মার্কিন সাপ্তাহিক ভ্যারাইটিকে তিনি বলেন, ‘বিস্মিত না হয়ে উপায় নেই। তবে আমার মনে হয়, আমি শুধু সঠিক সময়ে বিষয়টি তুলে ধরে নৌকার পালে হাওয়া দিয়েছি। এরপর নৌকা নিজেই চলছে। আর এতে যে পরিবর্তনটা হচ্ছে, সেটা সত্যিই বিশেষ কিছু।’ বিশ্বব্যাপী যৌন নিপীড়ন সম্পর্কে তিনি বলেন, ‘জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হওয়া মানুষের সংখ্যাটা আমাকে অবাক করেনি। আমি অবাক হয়েছি, কত লাখ লাখ মানুষ লজ্জায়, সংকোচে কিংবা ভয়ে এসব কথা প্রকাশ করতে পারেনি। পাছে যদি তাদের গায়েই খারাপের তকমা লাগে!’
অ্যালিসা এই প্রচারকে শুধু ‘হ্যাশট্যাগ আন্দোলন’ বলতে নারাজ। কিংবা এটা শুধু হলিউডের বিষয়-এটাও মানতে চান না তিনি। তাঁর ভাষায়, এটা প্রতিদিনের-প্রতি মুহূর্তের ঘটনা। বিশ্বের এ প্রাপ্ত থেকে ও প্রান্ত-সবখানের ঘটনা। এই প্রচারের মধ্য দিয়ে আসলে সমস্যাটা কতটা তীব্র আর গভীর, তা সবার সামনে এল। এখন একটা সমাধান দরকার। যৌন নিপীড়নের শিকার ব্যক্তিকে দোষারোপ নয়। বরং অভিযোগের আঙুল উঠুক যৌননিপীড়কের দিকে। লজ্জা বা গ্লানি কোনোভাবেই ঘটনার শিকার ব্যক্তির নয়, বরং নিপীড়কের-এই চর্চা সমস্যার সমাধানে অনেকটা পথ এগিয়ে দেবে।