কান্দাহার সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় নিহত ৪৩




আফগানিস্তানের কান্দাহার সেনাঘাঁটিতে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৪৩ জন আফগান সেনা নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ১০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে এ ঘটনা ঘটে। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। এ নিয়ে চলতি সপ্তাহে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর তৃতীয় বড় ধরনের হামলার ঘটনা ঘটল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দওলত ওয়াজিরি বলেন, ওই সেনাঘাঁটির আর কিছুই অবশিষ্ট নেই। সব পুড়ে গেছে। ওই ঘাঁটিতে থাকা মাত্র দুজন সেনাসদস্য জীবিত রয়েছেন।
প্রাদেশিক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, এ হামলায় সেনাবাহিনীতে ব্যবহৃত হামভি গাড়ি ব্যবহার করা হয়েছে। এ হামলায় ঘাঁটির ভেতরের কেউ সহযোগিতা করে থাকতে পারেন।
এ হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
দুই দিন আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর গার্দেজে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে তালেবানদের আত্মঘাতী হামলায় ৪১ জন নিহত হন। কমপক্ষে ১৫০ জন আহত হন।
একই দিন গজনি প্রদেশে প্রাদেশিক কার্যালয়ের কাছে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হন। চলতি বছর তালেবানদের সহিংসতায় দেশটির সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য প্রাণ হারিয়েছেন।