চা উৎপাদন কমার আশঙ্কা




গত দুই বছর দেশে রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়। এ সময়ে উৎপাদনের পাশাপাশি বাজারে পণ্যটির চাহিদাও ভালো ছিল। তবে আবহাওয়ার বৈরিতায় চলতি বছরের প্রথম আট মাসে প্রত্যাশিত পরিমাণ চা উৎপাদন হয়নি। এতে ২০১৭ সালে সামগ্রিক চা উৎপাদন বাড়ার বদলে উল্টো কমতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
বাংলাদেশ চা বোর্ডের মাসিক বুলেটিন অনুযায়ী, চলতি বছর আগস্ট পর্যন্ত দেশের ১৬২ বাগানে চা উৎপাদন হয়েছে ৪ কোটি ৩২ লাখ ২৯ হাজার কেজি। গত বছর একই সময়ে চা উৎপাদন হয়েছিল ৪ কোটি ৭৯ লাখ ৫৭ হাজার কেজি। এ হিসাবে বছরে প্রথম আট মাসে চা উৎপাদন ৪৭ লাখ ২৮ হাজার কেজি কমেছে। ২০১৬ সালে দেশে মোট ৮ কোটি ৫০ লাখ ৫০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১ কোটি ৭৬ লাখ ৭২ হাজার কেজি বেশি।
সংশ্লিষ্টরা জানান, টানা দুই বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদনের পর চা বোর্ডসহ বাগান মালিকরা চলতি বছরেও প্রবৃদ্ধি ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিলেন। তবে চলতি মৌসুমের শুরুতে অনাবৃষ্টি এবং বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ফলে চা উৎপাদনে ধস নামে। ভরা মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী চা উৎপাদন করতে না পারায় ২০১৭ সালে সাড়ে আট কোটি কেজি চা উৎপাদনও সম্ভব হবে না বলে মনে করছেন অনেকে।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের এক কর্মকর্তা জানান, বৈরী আবহাওয়ার কারণে বাগান মালিকরা কাঙ্ক্ষিত চা উৎপাদনে ব্যর্থ হয়েছেন। তবে বেশক’টি কোম্পানি লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে। আগামী কয়েক মাস অনূকূল আবহাওয়া থাকলে অন্তত আট কোটি কেজি চা উৎপাদন সম্ভব।
চা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাস চা উৎপাদন কমেছে। এ সময়ে অতিবৃষ্টির কারণে বাগান থেকে পাতা সংগ্রহ কম হওয়ায় প্রভাব পড়েছে উৎপাদনে। ২০১৬ সালের জুনে ১ কোটি ১২ লাখ ২৭ হাজার কেজি চা উৎপাদন হলেও চলতি বছরের একই মাসে উৎপাদন হয়েছে মাত্র ৮৫ লাখ ৯৪ হাজার কেজি। একইভাবে ২০১৬ সালের জুলাইয়ে ১ কোটি ১৩ লাখ ৯৫ হাজার কেজির বিপরীতে চলতি বছর ১ কোটি ১২ লাখ ৬ হাজার চা উৎপাদন হয়েছে। এছাড়া গত বছরের আগস্টে ১ কোটি ১১ লাখ ৮২ হাজার কেজির বিপরীতে এবার চা উৎপাদন হয়েছে ১ কোটি ৪৮ হাজার কেজি। প্রধান মৌসুমে চা উৎপাদন কমে যাওয়ায় প্রবৃদ্ধি নিয়েও সংশয় দেখা দিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছরে দেশে চা উৎপাদন বাড়লেও চাহিদা ভালো থাকায় ধারাবাহিকভাবে বেড়েছে চায়ের দাম। দেশে ভালো মানের চা উৎপাদন হওয়ায় রফতানিও বাড়ছে সমানতালে। আশানুরূপ উৎপাদন না হওয়ায় আবার বাড়তি দামে চা আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা।
চা বোর্ডের তথ্যানুসারে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ২২ লাখ ৯ হাজার কেজি চা রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ছয় গুণ বেশি। ২০১৬ সালের প্রথম আট মাসে দেশ থেকে চা রফতানি হয়েছিল ৩ লাখ ৭০ হাজার কেজি। এ সময়ে চা আমদানি হয়েছিল ৫৫ লাখ ৪০ হাজার কেজি। চলতি বছরের একই সময়ে ১৫ দশমিক ৮৯ শতাংশ বৃদ্ধিতে ৬৪ লাখ ২০ হাজার কেজি চা আমদানি হয়েছে।
এদিকে দুই মাসেরও বেশি সময় ধরে নিলামে চায়ের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ১৫তম নিলামে প্রতি কেজি চা গড়ে ২০২ দশমিক ৩২ টাকায় বিক্রি হলেও ক্রমান্বয়ে দাম বেড়েছে। সর্বশেষ গত মঙ্গলবার অনুষ্ঠিত মৌসুমের ২৪তম নিলামেও চা কেজিপ্রতি ২৩১ টাকায় বিক্রি হয়েছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নিলামের প্রায় ৯০-৯৫ শতাংশ পণ্যই কিনে নিচ্ছেন বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।