যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে আজ রোববার বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে আজ বেলা দুইটার দিকে ঢাকায় আসবেন সুষমা স্বরাজ। বিকেল চারটার পর তিনি সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভায় যোগ দেবেন। সন্ধ্যায় তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তাঁর সম্মানে মাহমুদ আলীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন সুষমা স্বরাজ।
বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, সুষমা স্বরাজের সঙ্গে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার সময় রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে ভারতের জোরালো সমর্থন পাওয়ার বিষয়টিতে বাংলাদেশ গুরুত্ব দেবে। এ মাসের শুরুতে দিল্লি সফরের সময় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ভারতের স্বরাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকেও বিষয়টি তুলে ধরেন। ভারত এই সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে। এই মুহূর্তে ভারত মানবিক সহায়তায় অগ্রাধিকার দিচ্ছে। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে নেপথ্যে ভারত রাজি করানোর জন্য কথা বলছে। তবে এই মুহূর্তে মিয়ানমারকে রাজি করাতে ভারত একা কিছু করতে রাজি নয়। মিয়ানমারকে রাজি করাতে কিংবা চাপ দিতে একটা সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার কথা বলছে ভারত।
কাল সোমবার বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। সেখানে ভারতের আর্থিক সহযোগিতায় ১৫টি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। ওই দিন দুপুরেই দিল্লি ফিরে যাওয়ার আগে সুষমা স্বরাজের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উত্তরণের ক্ষেত্রে জেসিসি একটি গুরুত্বপূর্ণ ফোরাম। পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বাধীন জেসিসি থেকে সম্পর্ককে রাজনৈতিক মাত্রা যুক্ত করে। এখানে একটি নির্দিষ্ট মেয়াদের পরপর সম্পর্কের পর্যালোচনা হয়। শীর্ষ নেতাদের সিদ্ধান্তে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সুপারিশের প্রতিফলন হয়ে থাকে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের নেতৃত্বের পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী গবেষণা সংস্থা, বণিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে দুই দেশের চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি সম্পর্ককে আরও জোরদার করার সুযোগ তৈরি করে দেবে বলে আশা করা যায়।
