দক্ষিণের জেলা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি হয়। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ স্থলবন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৮ টন কমেছে।
স্থানীয় ব্যবসায়ী ও আমদানিকারকদের মতে, অভ্যন্তরীণ বাজারে ভারত থেকে আমদানি করা জিরার চাহিদা তুলনামূলক কম। মূলত গ্রাহকপর্যায়ে ইরান থেকে আমদানি করা জিরার চাহিদা বেশি। এ কারণে ভারত থেকে মসলাপণ্যটির আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব শাখার তথ্য কর্মকর্তা বিকাশ কান্তি বড়ুয়া জানান, ২০১৭-১৮ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব মিলে ৫৬ দশমিক ২ টন জিরা আমদানি হয়েছে। এর মধ্যে গত জুলাইয়ে ১৬ দশমিক ২ টন জিরা আমদানি হয়েছে। আগস্টে পণ্যটির আমদানির পরিমাণ ছিল ৪০ টন। সেপ্টেম্বরে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক টনও জিরা আমদানি হয়নি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বাবদ ৩৪ লাখ ৬ হাজার ১২২ টাকা রাজস্ব আয় হয়েছে।
অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়কালে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব মিলে ১৪৪ দশমিক ৩ টন জিরা আমদানি হয়। এর মধ্যে গত জুলাইয়ে ৬০ দশমিক ৩ টন জিরা আমদানি হয়েছিল। আগস্টে পণ্যটি আমদানির পরিমাণ ছিল ২০ টন। অন্যদিকে গত বছরের সেপ্টেম্বরে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৬৪ টন জিরা আমদানি হয়েছিল।
পণ্যটি আমদানি বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছিল ১ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৬৫৩ টাকা। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে জিরা আমদানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ১ টন কমেছে। আর পণ্যটি আমদানি বাবদ সরকারের রাজস্ব আয় কমেছে ৭৯ লাখ ১৯ হাজার ৪৩৩ টাকা।
