প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই নারীদের সম্পর্কে ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্ক রয়েছে। তবে এসব বিতর্কে যে ট্রাম্প মোটেই কান দেন না তার প্রমাণ পাওয়া গেল ট্রাম্পের ফ্রান্স সফরেই। এ সফরে গিয়ে দেশটির ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোর ফিগারের প্রশংসা করেন ট্রাম্প, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে বিতর্কের ঝড়।
গতকাল শুক্রবার টুইটার ও ফেসবুকে, বিশেষ করে নারীদের রোষানলে পড়েছেন ট্রাম্প। ট্রাম্পের এই মন্তব্য নারীর প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি কেমন, তা–ই প্রকাশ করেছে বলে মন্তব্য করেন অনেকে। কুশলবিনিময়ের সময় ব্রিজিটের হাত ট্রাম্প যেভাবে চেপে ধরেন, সেটা নিয়েও নানা তির্যক মন্তব্য আসে।
গত বৃহস্পতিবার ফ্রান্স সফরে যান ট্রাম্প। হোটেল ‘দে আভেলিদ’–এ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও তাঁর স্ত্রী ব্রিজিট স্বাগত জানান ট্রাম্প-মেলানিয়াকে। এ সময় ট্রাম্প হঠাৎ ব্রিজিটের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, ‘আপনি কি জানেন, আপনার শারীরিক গঠন খুবই সুন্দর?’ ব্রিজিট এর কোনো উত্তর দেননি। ট্রাম্প এবার ম্যাক্রোর দিকে তাকিয়ে বলেন, ‘তাঁর (ব্রিজিট) শারীরিক গঠন অনেক সুন্দর।’ এরপর ট্রাম্প আবার ব্রিজিটের দিকে তাকিয়ে বলেন, ‘সুন্দর।’
ফরাসি প্রেসিডেন্টের ফেসবুক পাতায় ওই কথাবার্তার ভিডিওচিত্র পোস্ট করা হয়। আর এরপর নানা সমালোচনামূলক মন্তব্য আসতে থাকে। এমনকি টুইটার অনুসারীদেরও তা নজর এড়িয়ে যায়নি।
জেন সিয়েবেল নিউসম নামের একজন টুইটার ব্যবহারকারীর মন্তব্য করেন, ‘জনাব ট্রাম্প, আপনি নারীদেহ নিয়ে কী ভাবেন, সে–সংক্রান্ত অযাচিত মন্তব্য নারীরা শুনতে চায় না।’
অ্যালেক্স ব্রেগ এক টুইটে বলেন, ‘মানুষ হয়তো বলবে, ট্রাম্প শুধু তাঁর প্রশংসা করেছেন। তবে নারীর শরীর নিয়ে এমন মন্তব্য—জঘন্য বিষয়।’
রেবেকা ক্যারল নামের এক নারী টুইটে বলেন, ‘ট্রাম্প আসলে জানেনই না নারীর দিকে অন্য কীভাবে দৃষ্টি দেওয়া যায়।’
