৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ




আগের ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। আর বাংলাদেশের জন্য ধবলধোলাই এড়ানোর লড়াই। সবকিছু ছাপিয়ে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশের ৫০ তম একদিনের ম্যাচ।
দক্ষিণ আফ্রিকার বাফেলো পার্কে ৫০ তম ওডিআইতে টস করতে নামেন মাশরাফি বিন মর্তুজা। সফরে প্রথমবার টসে হারে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু’প্লেসি টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছিল বলেই হাশিম আমলা, ডুমিনি, প্রিটেরিয়সকে বিশ্রাম দেয় প্রোটিয়াসরা। তার পরিবর্তে সুযোগ দেওয়া হয় এক ম্যাচ খেলে টেমবা বাভুমা, অভিষিক্ত এইডেন মারক্রাম ও উইলেম মুলডারকে। ইনজুরির জন্য তামিম ইকবালকে ছাড়াই নামে বাংলাদেশ। তাঁর পরিবর্তে দলে ফেরেন সৌম্য সরকার। এবং নাসিরের পরিবর্তে নেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে।।
হাশিম আমলা ছাড়া কুইন্টন ডি’ককের সাথে ইনিংসের গোড়াপত্তন করেন টেমবা বাভুমা। বরাবরের মত এদিনও আফ্রিকার ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ বাংলাদেশের বোলাররা। ১১৯ রানের জুটি যখন ভাঙে ততক্ষনে ডি’কক তুলে নিয়েছেন অর্ধশতক। মিরাজের বলে বাভুমা আউট হন ৪৮ রানে। এর কিছুক্ষণ পর আবারো মিরাজ ফেরান ৭৩ রান করা ডি’কককে।
এরপর অধিনায়ক ফাফ ডু’প্লেসি ও অভিষিক্ত এইডেন মারক্রাম গড়েন শতরানের জুটি। সাইড স্ট্রেন ইনজুরিতে আহত হয়ে ৯১ রানে ডু’প্লেসি ফিরে যাওয়ার কিছুক্ষনের মধ্যে মারক্রামকে ৬৬ রানে রান আউট করে ফেরান ইমরুল কায়েস। টেস্টের মত ওডিআইতেও প্রথম ইনিংসে রান আউটের শিকার হন তিনি। দলীয় স্কোর তখন ২৮৯ রানে ৩ উইকেট।
গত ম্যাচে ঝড় তোলা ডি ভিলিয়ার্স রুবেলের বলে মাশরাফির হাতে ক্যাচ দিয়ে আউট হন ২০ রানে। অভিষিক্ত মুলডারকে (২) ফেরান তাসকিন। তাসকিনের আরেক শিকার হয়ে ফেরেন ফালুকায়ো (৫)।
শেষে কাগিসো রাবাদার ঝড়ো গতির রানে নির্ধারিত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা সংগ্ৰহ করে ৬ উইকেটে ৩৬৯ রান। ধবলধোলাই এড়াতে বাংলাদেশকে করতে হবে ৩৭০ রান।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৩৬৯/৬
(বাভুমা ৪৮, ডি’কক ৭৩, ডু’প্লেসি ৯১ আহত*, মারক্রাম ৬৬, ভিলিয়ার্স ২০, বেহার্দিন ৩৩*, মুলডার ২, ফালুকায়ো ৫, রাবাদা ২৩*, মিরাজ ২/৫৯, তাসকিন ২/৬৬, রুবেল ১/৭৫)